সবুজ পাহাড় আর নীল সাগর। তার পাশেই সাজানো-গোছানো গ্রাম। সারি সারি ভবন, পথঘাট—সবই আছে। যে কেউ চাইলেই সেখানে চালু করতে পারবে রেস্তোরাঁ। খুলতে পারবে দোকান। ব্যবসার পাশাপাশি পাকাপাকি আবাস গড়াও যাবে নিরিবিলি গ্রামটিতে। আর আবাস গড়লেই সরকারের পক্ষ থেকে তিন বছরে পাওয়া যাবে ৩৩ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকা)।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, অবাক করা এই সুবিধা পাওয়া যাবে ইতালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যালাবরিয়া অঞ্চলে। এ জন্য আপনাকে শুধু আবেদন করে জানাতে হবে যে আপনি ওই অঞ্চলে গিয়ে গ্রামে বসবাস করতে রাজি। দেশটির সরকার অনুমতি দিলেই থাকা যাবে পাহাড় আর সাগরঘেরা গ্রামীণ পরিবেশে। সঙ্গে পাওয়া যাবে ৩৩ হাজার ডলার প্রণোদনা।
একে গ্রামের নিরিবিলি পরিবেশে থাকার সুযোগ, তার ওপর অর্থপ্রাপ্তি। এ যেন সোনায় সোহাগা। তবে গ্রামীণ ওই পরিবেশে গিয়ে বসতি গড়ার আগে কিছু বাস্তবতা মাথায় রাখতে হবে। ইতালিজুড়ে অনেক গ্রাম আছে, যেসব জায়গার জনসংখ্যা দ্রুত কমছে। ইতিমধ্যে অনেক গ্রাম জনশূন্য হয়ে পড়েছে, পরিত্যক্ত হয়েছে। দেশটির সরকার চাইছে, পরিত্যক্ত কিংবা জনসংখ্যা কমতে থাকা গ্রামে বাইরে থেকে মানুষ নিয়ে যেতে, যাতে গ্রামগুলোর জীবন ও আর্থিক কাঠামো সচল থাকে। এ জন্য এক ডলারে বাড়ি দেওয়ার লোভনীয় প্রস্তাবের কথা আগেই জানানো হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যালাবরিয়া অঞ্চলের গ্রামগুলোও অনেকটা এমনই। নীরব এসব গ্রামে কোলাহল ফেরাতে বাইরে থেকে মানুষ, বিশেষত তরুণদের নিয়ে যেতে প্রণোদনার এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সিভিতা, বোভা, আলবিদোনা, সান্তা সেভেরিনা, সান দোনাতো দ্য নিয়েনাসহ ওই অঞ্চলের অনেক সাজানো-গোছানো গ্রামের নির্মল প্রকৃতি তরুণদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
তবে এ জন্য নতুন বাসিন্দাদের অনুমতি পাওয়ার তিন মাসের মধ্যে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে রেস্তোরাঁ, বার, দোকান কিংবা খামার চালু করতে হবে। তবেই মিলবে প্রতি মাসে ৮০০ থেকে ১ হাজার ইউরো প্রণোদনা, জানিয়েছেন সেখানকার রিজিওনাল কাউন্সিলর জিয়ানলুকা গ্যাল্লো। তিনি জানান, এই উদ্যোগ সফল হলে আগামী বছরগুলোয় এমন আরও আকর্ষণীয় প্রকল্প হাতে নেওয়া হতে পারে।