বসনিয়া গণহত্যার দায়ে সার্ব নেতা কারাদজিচের ৪০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসনিয়ার গৃহযুদ্ধের সময় গণহত্যার দায়ে কুখ্যাত সার্ব নেতা রাদোভান কারাদজিচকে গতকাল বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের ট্রাইব্যুনাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ ওই ঘটনার জন্য তাঁকে ৪০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
জাতিসংঘ ট্রাইব্যুনালের বিচারকেরা রায় পড়ার সময় বলেছেন, ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া সংঘাতে হত্যা ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী কারাদজিচ।
বসনিয়ার গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটে। বাস্তুচ্যুত হয় ২২ লাখ মানুষ। ওই যুদ্ধের জন্য এখন পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়া সবচেয়ে পদস্থ কর্মকর্তা কারাদজিচ। ওই ঘটনায় তাঁকে অভিযুক্ত করার দুই দশকের পর এই রায় হলো। নেদারল্যান্ডসের দ্য হেগে গঠিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফরমার যুগোস্লাভিয়া (আইসিটিওয়াই) এই রায় দেন।
বিচারক ও-গন খন বলেন, ১৯৯৫ সালে বসনিয়ার পূর্বাঞ্চলের আলোচিত স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞের জন্য দায়ী কারাদজিচ। ওই ঘটনায় প্রায় আট হাজার মুসলিম পুরুষকে হত্যা করে গণকবর দেয় সার্ব বাহিনী।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই রায়কে বিচারের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে হত্যাযজ্ঞের শিকার ব্যক্তিদের স্বজনেরা বলেছেন, এই সাজা যথেষ্ট নয়।
সার্বিয়ার তৎকালীন প্রেসিডেন্ট স্লোবোদান মিলেসেভিচ ২০০৬ সালে মারা যান। এর ফলে তৎকালীন নেতৃত্বের মধ্যে সর্বশেষ শীর্ষ কর্মকর্তা হিসেবে কুখ্যাত সার্ব সামরিক বাহিনীর প্রধান রাতকো ম্লাডিচের বিচার হবে। ‘বসনিয়ার কসাই’ খ্যাত এই ব্যক্তির রায় আগামী বছর হওয়ার কথা রয়েছে।
গতকাল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ৭০ বছর বয়সী কারাদজিচ। বিচারক ও-গন খন যখন রায় পড়ছিলেন, তখন পাথুরে মুখ নিয়ে তা শুনছিলেন তিনি।
বিচারক বলেন, এটা স্পষ্ট যে হত্যা ও নির্যাতনের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের জিম্মি করার ঘটনায় ‘ব্যক্তিগত অপরাধের দায়’ কারাদজিচের। কারণ, তাঁর অবস্থান ছিল বসনিয়ায় সার্বদের রাজনৈতিক, সরকারি ও সামরিক নেতৃত্ব কাঠামোর শীর্ষে।
স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে বিচারক খন বলেন, স্রেব্রেনিৎসার সব সক্ষম বসনীয় পুরুষকে হত্যা করার সুস্পষ্ট অভিপ্রায় ছিল। ওই অভিযানের লক্ষ্যই ছিল জাতিসংঘের সুরক্ষিত ওই এলাকা থেকে বসনীয় মুসলিমদের ধ্বংস করে দেওয়া।
কারাদজিচ দীর্ঘদিন ধরে পালিয়ে থাকার পর ২০০৮ সালে বেলগ্রেডে গ্রেপ্তার হন।