আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে গত মঙ্গলবার সিরিয়া সীমান্তের কাছাকাছি রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক। ক্ষুব্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে ‘পিঠে ছুরি মারার মতো’ ঘটনা এবং তুরস্ককে ‘সন্ত্রাসীদের সহযোগী’ বলে আখ্যায়িত করেছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর ফলাফল মারাত্মক হবে। তুরস্কও পাল্টা বক্তব্য দিয়ে ন্যাটোর রাষ্ট্রদূতদের জরুরি অধিবেশন ডেকেছে।
প্রেসিডেন্ট পুতিন এমন উত্তপ্ত বক্তব্য দিলেও কূটনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, তুরস্কের বিরুদ্ধে রাশিয়ার সামরিক পদক্ষেপ নেওয়ার আশঙ্কা নেই বললেই চলে।
এই পর্যবেক্ষকদের মত, রুশ প্রেসিডেন্ট পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুজনই শক্তিমান নেতা হিসেবে নিজেদের ভাবমূর্তি রক্ষায় যত্নবান। সিরিয়ায় চলা রুশ বিমান হামলার মধ্যে সেখানে অবস্থানরত তুর্কি নাগরিকদের রক্ষায় চাপের মুখে আছেন এরদোয়ান।
ইতিমধ্যে একটি ঘরোয়া বক্তৃতায় পুতিন দাবি করেছেন, যে যুদ্ধবিমানটিকে ভূপাতিত করা হয়েছে, সেটি রুশ বংশোদ্ভূত সন্ত্রাসীদের নিশানা করতে নিয়োজিত ছিল। অবশ্য পুতিন তাঁর মন্তব্যে তুরস্কের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেননি। পুতিন বলেছেন, তাঁর সরকার এখন প্রকৃত ঘটনা খতিয়ে দেখবে। এসব মন্তব্যের বিষয়ে যুক্তরাজ্যে কিংস কলেজ লন্ডনের রাশিয়া ইনস্টিটিউটের পরিচালক স্যাম গ্রিন বলেন, ‘পুতিনের প্রাথমিক লক্ষ্য নিজ দেশে তাঁর মুখ রক্ষা করা। আপনারা ধরে নিতে পারেন, পুতিনের নীতিগত পরিবর্তনের চেয়ে তাঁর বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তাই বেশি হবে।’
তুরস্ককেও সতর্ক বলে মনে হচ্ছে। রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর মঙ্গলবার সন্ধ্যায় বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের জরুরি অধিবেশন ডেকেছে তুরস্ক। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এটি এ জোটের প্রতিষ্ঠাকালীন চুক্তির চার ধারার অধীন হচ্ছে না। সদস্যরাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা নিরাপত্তায় হুমকির জবাব নিয়ে বিতর্ক করতেই সাধারণত এই চার ধারার অধীন বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। তুরস্ক সাম্প্রতিকতম সময়ে চার ধারার অধীন বৈঠক আহ্বান করেছিল গত জুলাইয়ে। নিজের মাটিতে সন্ত্রাসী হামলার জবাব দিতে ডাকা হয়েছিল বৈঠকটি। কিন্তু রুশ বিমান ভূপাতিতের ঘটনায় মঙ্গলবার তুলনামূলক কম আনুষ্ঠানিকতাপূর্ণ ওই অধিবেশন আহ্বান করে দেশটি। এর মাধ্যমে বিশেষত বোঝা যায়, আঙ্কারাও মস্কোর সঙ্গে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। সব মিলিয়ে কূটনীতি এবং পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ-সংক্রান্ত পরামর্শকগোষ্ঠী ইউরোপিয়ান লিডারশিপ নেটওয়ার্কের (ইএলএন) পরিচালক ইয়ান কেয়ার্নসও মনে করেন, ওই ঘটনায় কোনো পক্ষেই সামরিক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা নেই। তাঁর কথায়, ‘ঘটনা নিয়ে বড় ধরনের বিতর্ক চলবে। তবে আমি মনে করি না, এটি সামরিক পদক্ষেপের দিকে মোড় নেবে।’