বাতাক্লঁতে হামলাকারী তৃতীয় ব্যক্তি শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের বাতাক্লঁ কনসার্ট হলে আত্মঘাতী হামলা চালানো তৃতীয় ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী মানুয়েল ভালস এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল বুধবার বিবিসি এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী কিংবা পুলিশ আনুষ্ঠানিকভাবে তৃতীয় ব্যক্তির নাম-ঠিকানা না জানালেও এএফপি বলেছে, তদন্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন, ওই ব্যক্তি হলেন ফ্রান্সের পূর্বাঞ্চলের স্ত্রাসবুর্গ শহরের বাসিন্দা ফুয়েদ মোহামেদ আগ্গাদ (২৩)। অন্য সংবাদমাধ্যম–গুলোও আগাদের নাম উল্লেখ করেছে। ফ্রান্স সরকার এই খবরের কোনো বিরোধিতা না করায় ধারণা করা হচ্ছে, আগ্গাদই সেই তৃতীয় হামলাকারী।

প্যারিসে গত ১৩ নভেম্বর ছয়টি স্থানে ঘটা আত্মঘাতী হামলায় ১৩০ জন নিহত হন। এর মধ্যে বাতাক্লঁ কনসার্ট হলেই প্রাণহানি ঘটে ৯০ জনের। বাতাক্লঁয়ে হামলার ঘটনায় এর আগে শনাক্ত হওয়া দুই আত্মঘাতী হামলাকারী হলেন ওমর ইসমাইল মুস্তাফাই (২৯) ও সামি আমিমুর (২৮)। এই দুজন নিজেদের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। আর তৃতীয় ব্যক্তি, যাঁকে নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কর্মকর্তারা ফুয়েদ মোহামেদ আগ্গাদ হিসেবে বলছেন, তিনি পুলিশের গুলিতে মারা যান।

তদন্ত কর্মকর্তারা বলেছেন, আগ্গাদ তাঁর ভাইসহ স্ত্রাসবুর্গের কয়েকজন তরুণ মিলে ২০১৩ সালের শেষের দিকে সিরিয়া গিয়েছিলেন। গত বছরের বসন্তে ওই দলের কয়েকজন ফ্রান্সে ফিরলে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে আগ্গাদ সিরিয়াতে রয়ে গিয়েছিলেন। গত সপ্তাহান্তে আগ্গাদের ডিএনএর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের ডিএনএ মিলে গেলে ফরাসি পুলিশ তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।

ফরাসি গণমাধ্যম বলছে, মুরাদ ফারেস নামের এক ব্যক্তি আইএসের পক্ষে লড়াই করতে আগ্গাদকে সিরিয়ায় পাঠান। গত বছর তুরস্ক থেকে মুরাদ গ্রেপ্তার হন। প্যারিসের আত্মঘাতী হামলাকারীদের একজনের পরিচয় শনাক্ত করা এখনো বাকি রয়েছে।