বেলজিয়ামের ব্রাসেলসের মলেনবিক উপশহরের এক নিরিবিলি রাস্তায় অবস্থিত একটি বার (পানশালা)। সম্প্রতি শহরের মেয়র বারটি বন্ধ করার নির্দেশ দেন। কারণ, পুলিশ সম্প্রতি সেখানে এক তরুণকে আফিমসহ বিভিন্ন নিষিদ্ধ মাদক বেচাকেনা করতে দেখে। গত শুক্রবার প্যারিসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়া ৩১ বছর বয়সী ব্রাহিম আবদেসালেম ছিলেন ওই বারটির মালিক। খবর রয়টার্সের।
আরেক ভাই সালাহর সঙ্গে ব্রাহিম কীভাবে পানশালার মালিক থেকে আত্মঘাতী বোমা হামলাকারীতে পরিণত হলেন তা নিয়ে রয়েছে রহস্য। সালাহ ইউরোপের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। দুই ভাই মাত্র ছয় সপ্তাহ আগে মলেনবিকের বারটি বিক্রি করে দেন।
রু দে বেগুইন নামের ওই বারের পাশ দিয়ে প্রতিদিন কর্মস্থল ও বাড়িতে যাতায়াত করেন ২৫ বছর বয়সী নাবিল। তিনি বলেন, ‘বিশেষ করে দৈনন্দিন জীবনে আপনি যাঁদের সংস্পর্শে আসছেন, তাঁদের কারও এ রকম হয়ে যাওয়াটা দুঃখজনক।’
নাবিল বলেন, সেখানে সব সময়ই লোকজনের ভিড় থাকত। তাঁরা হাসি-তামাশায় মেতে থাকতেন। তাঁদের মধ্যে উগ্রপন্থার কোনো তৎপরতা দেখা যেত না।