বার্লিন পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের উত্থান
রোববার বার্লিন রাজ্য সভা বা সিনেট নির্বাচনে জার্মানিতে শরণার্থী ও অভিবাসী বিরোধী নতুন দল বিকল্প জার্মানি বা অলটানেটিভ ফর জার্মানি মোট ভোটারদের বার শতাংশ ভোট পেয়ে সিনেট সংসদে জায়গা করে নিয়েছে।
জার্মানির ১৬টি প্রদেশের মধ্য এই বছরে অনুষ্ঠিত পাঁচটি রাজ্য বা প্রাদেশিক পরিষদের সবগুলো পার্লামেন্টে এই নতুন দলটির উত্থানে জার্মানিতে দক্ষিণপন্থী রাজনীতির নতুন মেরুকরণ ঘটছে। এ ছাড়া জার্মানির ঐতিহ্যবাহী সামাজিক গণতান্ত্রিক ও ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দলের ভোট প্রাপ্তির হার আশঙ্কাজনক ভাবে কমে যাওয়াতে দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ ঘটছে বলে মনে করা হচ্ছে। তবে বার্লিনের সিনেটে বিগত পাঁচ বছরর ক্ষমতাসীন সামাজিক গণতান্ত্রিক ও ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দলের কোয়ালিশনকে ক্ষমতায় থাকতে পরিবেশবাদী সবুজ দল বা বাম দলের মতো তৃতীয় কোনো দলের সঙ্গে সমঝোতায় আসতে হবে।
ইতিপূর্বে রাইনল্যান্ড ফ্যালৎস, বাডেন ভূর্টেনবূর্গ ও সাক্সেন আনহাল্ট ও ম্যাক লেন বূর্গ ফরপোমেনে এই চারটি প্রাদেশিক নির্বাচন গুলিতে ক্ষমতাসীন জোটের দুই বৃহৎ দল সামাজিক গণতান্ত্রিক ও ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দলের ভোট প্রাপ্তির হার আশঙ্কাজনক হারে কমেছে। আর নতুন বর্ণবাদী দল বিকল্প জার্মানি বা অলটানেটিভ ফর জার্মানি দলটির ভোট প্রাপ্তির হার বেড়েছে।
বার্লিনের সিনেট নির্বাচনে সামাজিক গণতান্ত্রিক দল ২৩ শতাংশ, চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দল পেয়েছেন ১৮ শতাংশ ভোট আর পরিবেশবাদী সবুজ দল ও বাম দল পেয়েছেন ১৭ ও ১৬ শতাংশ ভোট। জার্মানির নির্বাচন বিধি অনুযায়ী যে কোনো দল মোট ভোটারের পাঁচ শতাংশ ভোট পেলে, সেই দলটি সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন। জার্মানিতে পাঁচটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ডানপন্থীদের রেকর্ড ভোট প্রাপ্তিকে অ্যাঙ্গেলা মেরকেলের শরণার্থী বিষয়ক রাজনীতিসহ অন্যান্য বিষয় আবারও প্রশ্নের মুখ পড়ল।