বার্লিন প্রাচীর পতনের জমকালো উদ্যাপন
বার্লিনের বুক চিরে ২৮ বছর জার্মানিকে বিভক্ত করে রেখেছিল যে প্রাচীর, সেই একই রেখায় গতকাল রোববার সন্ধ্যায় ওড়ানো হলো শান্তির প্রতীক হিসেবে আট হাজার সাদা বেলুন। এ ছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে বার্লিন প্রাচীর পতনের রজতজয়ন্তী।
এর আগে জার্মানিকে বিভক্ত করে রাখার সময় প্রাচীর ডিঙাতে গিয়ে রক্ষীদের গুলিতে নিহতদের স্মরণে স্থাপিত বেরনাওয়ার সড়কের স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এর মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। সন্ধ্যায় বার্লিন গেটে আয়োজন করা হয় মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের। এতে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটে বলে দাবি করেছেন আয়োজকেরা।
পূর্ব ও পশ্চিম জার্মানির ঐক্য প্রক্রিয়ার অন্যতম কারিগর সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভেরও যোগ দেওয়ার কথা ছিল এ উদ্যাপন অনুষ্ঠানে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরাস্ত জার্মানির বার্লিন নগরকে চার ভাগে বিভক্ত করে বিজয়ী শক্তিগুলো। জার্মানির দুই অংশ চলে যায় স্নায়ুযুদ্ধকালের দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রভাববলয়ে। ১৯৬১ সালে বার্লিন নগরকে বিভক্ত করা হয় সুউচ্চ দেয়াল তুলে।