বার্লিনে পাকিস্তান দূতাবাসের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের বিরুদ্ধে নিজ দেশের নাগরিকদের কাছ থেকে টেলিফোন করে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে।
জার্মানির সাপ্তাহিক ডের স্পিগেল জানিয়েছে, জার্মানিতে থাকা বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক শরণার্থী হিসেবে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু তা নাকচ হয়ে যায়। পরে তাঁরা পাকিস্তানে ফেরত যাওয়ার জন্য পুনরায় ভ্রমণ দলিল বা পাসপোর্ট নিতে দূতাবাসের দারস্থ হন। কিন্তু দূতাবাসের টেলিফোন থেকে ফোন করে তাঁদের কাছে এক থেকে তিন হাজার ইউরো ঘুষ চাওয়া হয়েছে। এ ছাড়া পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্যও ঘুষ চাওয়া হয়। বলা হয়, ঘুষ দিলে এ ধরনের ভ্রমণ দলিল বা পাসপোর্ট দিতে গড়িমসি করা হবে; ফলে তাঁরা (শরণার্থী) আরও কিছুদিন জার্মানিতে থাকার সুযোগ পাবেন।
নিয়ম অনুযায়ী কোনো শরণার্থীর আবেদন নাকচ হয়ে গেলে বা তাঁর কাছে পাসপোর্ট না থাকলে জার্মানির শরণার্থীদের স্বদেশে ফেরত পাঠানোবিষয়ক কর্তৃপক্ষ নতুন করে তাঁদের ভ্রমণ দলিল বা পাসপোর্ট তৈরির জন্য তাঁদের নিজ দেশের দূতাবাসের শরণাপন্ন হতে বলে। এ সময় প্রত্যাখ্যাত ওই ব্যক্তির সঙ্গে জার্মান কর্তৃপক্ষের লোক সংশ্লিষ্ট দূতাবাসে যান। প্রত্যাখ্যাত ব্যক্তি নিজ দেশের দূতাবাস থেকে পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে একটি প্রমাণপত্র আনেন। কিন্তু প্রয়োজনীয় পাসপোর্ট বা ভ্রমণ দলিল পেতে দেরি হলে বা পাওয়া না গেলে প্রত্যাখ্যাত শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি জটিল হয়ে পড়ে।

ডের স্পিগেল জানায়, শুধু একজন নন, বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক এ ধরনের ফোন পেয়ে হতবাক হয়ে পড়েন। দূতাবাসের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন কর্মী পরিষ্কার উর্দু ভাষায় জার্মানিতে আরও লম্বা সময় থাকার সুযোগ করে দেওয়ার বিনিময়ে সরাসরি এই ঘুষ দাবি করেন। তবে ঘুষের অর্থ ব্যাংকের মাধ্যমে না দিয়ে আই টুইন কার্ড কিনে এর পিন নম্বর জানিয়ে দিতে বলেন। ইতিমধ্যে এ ধরনের বেশ কিছু ঘটনার মাধ্যমে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।

বার্লিনের পাকিস্তান দূতাবাস এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ‘আমাদের দূতাবাসের যে কূটনীতিক বা কর্মচারীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা আমাদের দূতাবাসের কম্পিউটার হ্যাক হয়েছে কি না, তা দেখার জন্য বার্লিনের পুলিশ তদন্ত করছে।’

জার্মানিতে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের পাসপোর্ট বিষয়ক যেকোনো সমস্যার জন্য দূতাবাস থেকে এ ধরনের টেলিফোনের ব্যাপারে সতর্ক করে দিয়ে দূতাবাসের ফেসবুকে একটি বার্তাও দেওয়া হয়েছে।