বার্লিনে বিশ্ব-সংস্কৃতির মহামিছিল

রোববার, বার্লিনের আকাশ ছিল ঝকমকে নীল, তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। এত চমৎকার ১৬ ঘণ্টা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। জার্মানির রাজধানী শহর বার্লিন বিগত ২৩ বছর থেকে পরিচিত জার্মানির নানা জাত আর সংস্কৃতির এ মহা মিছিলের সঙ্গে। এবার বার্লিনের আকাশটা জানান দিল, যেন প্রকৃতিও আছে জার্মানিতে বসবাসকারী নানা দেশের সংস্কৃতি ও তাদের ধারকদের সঙ্গে।
বিভিন্ন সংস্কৃতির মানুষের বর্ণাঢ্য জমকালো পোশাক আর গানবাজনার তালে বার্লিন হয়ে উঠেছিল ছন্দময় বর্ণিল। পাঁচ কিলোমিটার রাস্তার দুই পাশে তাই নেমেছিল প্রায় আট লাখ মানুষের ঢল, যারা উপভোগ করেছেন পৃথিবীর নানা জাতির সংস্কৃতির পরিবেশনা।

নানা সংস্কৃতির ৭০টি দলের প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী তাদের নিজ নিজ সংস্কৃতি স্বকীয়তা নিয়ে আবার জয় করল বার্লিনের রাজপথ। এবারও সেই রাজপথে ছিল বাংলাদেশ আর বাঙালি সংস্কৃতি।
নীল আকাশের নিচে প্রতিবছরের মতো এবারও বার্লিন শহরের প্রাণকেন্দ্র ইয়র্ক স্ট্রাসে থেকে ক্রয়েজবার্গের হারমান স্কয়ার ছয় কিলোমিটার রাস্তাজুড়ে যেন বিশ্ব সংস্কৃতির মেলা বসেছিল, বার্লিনের আন্ত-সংস্কৃতি কার্নিভালের পোশাকি নাম ‘কার্নিভাল ডের কলটুর’! ১৯৯৫ সাল থেকেই এই মিছিলের অংশগ্রহণ করে আসছে জার্মানিতে বসবাসরত অভিবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। এ উৎসব শুরু ১৯৯৫ সালে ২৩ বছর আগে, তারপর থেকে প্রতিবছরই এর পরিধি আর জৌলুশ ক্রমান্বয়ে বেড়েছে। উৎসবের উদ্যোক্তারা জানিয়েছেন, জার্মানিতে যে প্রায় এক কোটি অভিবাসী ছড়িয়ে ছিটিয়ে আছে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে আর আন্ত-সাংস্কৃতিক সমাজব্যবস্থা গড়ে তুলতেই এ আয়োজন।

বিশ্ব-সংস্কৃতির মহা মিছিলে নেমে এসেছিল যেন সারা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা জাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতি। কী ছিল না এ মহা মিছিলে! যেমন আছে ব্রাজিল, পেরু, বলিভিয়ার অংশগ্রহণকারীরা, আছে আফ্রিকার নানা দেশ, আছে ক্যারিবিয়ান দেশগুলোর প্রতিনিধিরা, আছে এশিয়ার নানা দেশের সাংস্কৃতিক দলগুলো। বিশ্ব মহা মিছিলে ছিল বাংলাদেশ আর বাঙালিরা, সঙ্গে ছিল বাঙালিদের শুভানুধ্যায়ী জার্মানরা।
প্রতিবছরের মতো এবারও বার্লিন ও জার্মানির অন্য শহরগুলো থেকে আসা বাঙালিরা বার্লিনের রাস্তা কাঁপালেন। নারীরা বাঙালিয়ানায় লাল আর চেক শাড়ি পরে, কপালে টিপ, খোঁপায় নানা রঙের ফুল, দেশীয় অলংকার পরে আর ছেলেরা লুঙ্গি-ফতুয়া ও মাথায় গামছা বেঁধে যখন কার্নিভালের সঙ্গে জনপ্রিয় দেশাত্মবোধক, আধুনিক, লোকগীতির সঙ্গে নেচে-গেয়ে দীপ্ত পদভারে এগিয়ে যাচ্ছিল, তখন রাস্তার দুই পাশের লাখো মানুষ করতালি দিয়ে আর চিৎকার করে সমস্বরে তাদের অভিনন্দন জানিয়েছে।

বছরের পর বছর বার্লিনের এ কার্নিভাল অংশ নিয়ে বাঙালিদের অংশগ্রহণের জৌলুশ বেড়েছে। এখানে বসবাসকারী বাঙালিরা ছাড়াও এখন অন্যান্য দেশের প্রবাসী বাঙালিরা বার্লিনে বিশ্বসংস্কৃতির মহা মিছিলে যোগ দিতে আসছেন। বার্লিনে বসবাসকারী বাঙালিদের পাশাপাশি সুদূর আটলান্টিক পাড়ি দিয়ে ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া থেকে এসেছিলেন নীলুফার চৌধুরী, আসমা ইকবাল, নাসরীন হাসান, মাসুদ হাসান, টিপু রহমান, আনোয়ার ইকবাল, মকসেদ চৌধুরী প্রমুখ। ডেনমার্ক থেকে শিল্পী রহুল আমিন কাজল। হল্যান্ডের মাসট্রিস্ট থেকে মৃন্ময়। জার্মানির দূরদূরান্ত পাড়ি দিয়ে এসেছে অসংখ্য বাঙালি। ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাইনজ থেকে এসেছেন অপু আলম, মুনশেনগ্লাডবাগ থেকে সানজীদা, রাধিতা, ইসারলোন থেকে সিগী, হেলেন, আনা, সোলিংগেনের সাকী, হ্যানোভার থেকে এসেছিল লিপি আহমেদ। বার্লিনের খুব নিকট অন্য শহর থেকে এসেছেন অমৃতা, আবিদা আরও অনেক।

প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে আয়োজনে রয়েছেন বার্লিনপ্রবাসী বাঙালিদের ঐকান্তিক প্রচেষ্টা। কার্নিভালে বাঙালিদের সংগঠন বাংলাদেশ কালচারাল ফোরামের পক্ষ থেকে এ দায়িত্ব পালন করছেন বার্লিনপ্রবাসী খালেদ নোমান নমি, সৈয়দ বাবুল, মাসুদ হোসেন, মামুন আহসান খান, মিলন আল মামুন, লুৎফুল খান, মকসুদুল হক, শফিক, জাফর ইকবাল, নূরী খান, সুমনা, নাজমুন নেসা, শাহেদা, উলরিকে, গেরিলমা, ফেরদৌসী প্রমুখ। তাঁরা জানালেন বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংস্কৃতির ধারণাকে বিদেশে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।
আশা থাকবে, প্রবাসী এই বন্ধুদের প্রচেষ্টাতে ভবিষ্যতেও বার্লিনের রাস্তায় বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য আরও উজ্জ্বল হবে, আর বার্লিনের পথে গ্রন্থিত হবে নানা জাত আর সংস্কৃতির মিলনমেলা।