বার্লিনে মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে লেখক-প্রকাশক-ব্লগারদের হত্যা ও হামলার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ হয়। ছবি: প্রথম আলো
বাংলাদেশে লেখক-প্রকাশক-ব্লগারদের হত্যা ও হামলার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ হয়। ছবি: প্রথম আলো

বাংলাদেশে লেখক, প্রকাশক, ব্লগার ও মুক্তমনা ব্যক্তিদের হত্যা এবং তাদের ওপর হামলার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার বার্লিনের প্রাণকেন্দ্র ব্রান্ডেনবুর্গ গেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে হত্যাকারী, তাদের আশ্রয়দাতা ও হত্যার হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া বাংলাদেশে মৌলবাদী রাজনীতি বন্ধেরও দাবি জানানো হয়।
সমাবেশে বাংলা, ইংরেজি ও জার্মান ভাষায় লেখা প্রচারপত্র প্রচার করা হয়। এতে বাংলাদেশে সন্ত্রাসী হামলায় নিহত ও আহত লেখক, ব্লগার ও প্রকাশকদের কথা উল্লেখ করা হয়। উদ্বেগ জানানো হয় শিক্ষক, লেখক, বুদ্ধিজীবীসহ অন্যদের জীবননাশের হুমকি দেওয়ার ঘটনায়।
প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশে বলা হয়, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো বাংলাদেশে প্রগতিশীল মানুষদের হত্যা করে চলছে।
কর্মসূচির উদ্যোক্তারা বলেন, কারও লেখার বিষয়ে দ্বিমত থাকতে পারে। তার জবাব লেখার মাধ্যমেই দিতে হবে। চাপাতির আঘাতে প্রাণ নেওয়া লেখার প্রতিক্রিয়া হতে পারে না। এটি ন্যায়বিরুদ্ধ, পাশবিক ও বর্বর।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা খালেদ নোমান নমী বলেন, বাংলাদেশের প্রগতিশীল মানুষেরা একা নয়। তাদের পাশে সবাই আছে। তাদের প্রতি সংহতি জানাতেই এই মানববন্ধন ও সমাবেশ।

প্রায় দুই ঘণ্টা ধরে কর্মসূচি চলে। এতে অংশ নেওয়া ব্যক্তিরা নানা ধরনের পোস্টার-ফেস্টুন বহন করেন।