বার্লিনের সিনেটে জায়গা করে নিয়েছে এএফডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির অভিবাসন ও শরণার্থীবিরোধী নতুন দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) গতকাল রোববারের নির্বাচনে বার্লিনের সিনেটে জায়গা করে নিয়েছে। দলটি মোট ভোটের ১২ শতাংশ পেয়েছে। দলটির উত্থানে জার্মানির উদারপন্থীরা উদ্বিগ্ন।
জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে এই বছরে অনুষ্ঠিত পাঁচটি রাজ্য বা প্রাদেশিক পরিষদের সবগুলো পার্লামেন্টে এই নতুন দলটির উত্থানে দেশটিতে ডানপন্থী রাজনীতির নতুন মেরুকরণ ঘটছে। পাশাপাশি ঐতিহ্যবাহী দুই প্রধান দল সামাজিক গণতান্ত্রিক ও ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দলের ভোট পাওয়ার হার উদ্বেগজনকভাবে কমে গেছে।
জার্মানির নির্বাচন বিধি অনুযায়ী যেকোনো দল ৫ শতাংশ ভোট পেলে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে। জার্মানিতে পাঁচটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ডানপন্থীদের রেকর্ড ভোট প্রাপ্তিতে আঙ্গেলা ম্যার্কেলের শরণার্থী–বিষয়ক রাজনীতিসহ অন্যান্য বিষয় আবারও প্রশ্নের মুখ পড়ল।
বার্লিনের সিনেটে ক্ষমতাসীন সামাজিক গণতান্ত্রিক ও ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দলের জোটকে ক্ষমতায় থাকতে এখন পরিবেশবাদী সবুজ দল বা বাম দলের মতো তৃতীয় কোনো দলের সঙ্গে সমঝোতায় আসতে হবে।