বার্লিনের 'হামলাকারী' ইতালিতে নিহত

জার্মানির বার্লিনে গত সোমবারের ট্রাক হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ইতালিতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মিলান শহরে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় তিনি মারা যান।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিন্নিতি গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নিহত ব্যক্তিই যে আনিস আমরি, তাতে আমাদের কোনো সন্দেহ নেই।’
বার্লিনে বড়দিন উৎসবের সামগ্রীর অস্থায়ী মার্কেটে সোমবারের ওই ট্রাক হামলায় ১২ জন নিহত হন। ওই ট্রাকে তিউনিসিয়ার নাগরিক আনিস আমরির (২৪) পরিচয়পত্র এবং দরজায় তাঁর হাতের ছাপ পাওয়া গেছে। আমরির আশ্রয় প্রার্থনার আবেদন নাকচ করে দিয়েছিল জার্মানির সরকার।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, মিলান শহরের উত্তরাঞ্চলে সেস্তো সান জোভান্নি রেলস্টেশনে স্থানীয় সময় ভোর রাত তিনটার দিকে পুলিশের দুই সদস্য আমরিকে থামিয়ে পরিচয়পত্র দেখাতে বলেন। কিন্তু তিনি তাঁদের একজনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে আমরি নিহত হন। এক পুলিশ সদস্যের কাঁধে গুলি লেগেছে।
সূত্র বলেছে, ইতালির পুলিশ আগে থেকে ধারণা করছিল, আমরি মিলানের কোথাও আছেন। আর এ কারণেই শহরটিতে টহল বাড়ানো হয়েছিল। আমরির খোঁজে এর আগের দিন ইউরোপজুড়ে তল্লাশির ঘোষণা দেওয়া হয়েছিল।
ইতালিতে আনিস আমরির নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই জার্মানির সরকারি কর্মকর্তারা বলেন, তাঁরা ইতালির কাছ থেকে লিখিত নিশ্চয়তা পাওয়ার অপেক্ষায় আছেন।