বার্সেলোনায় হামলার মূল সন্দেহভাজন নিহত

বার্সেলোনায় হামলার মূল সন্দেহভাজন হামলাকারী মুসা ওকাবির নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনের বার্সেলোনায় হামলার পর গতকাল শুক্রবার ক্যামব্রিলসে আবার হামলা চালানো হয়। এ সময় সন্দেহভাজন পাঁচজন সন্ত্রাসীকে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ক্যামব্রিলসে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের একজন মওসা ওকাবির। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে পুলিশ হামলায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে মুসা ওকাবিরের বড় ভাই দ্রিস ওকাবিরও ছিল। অপর একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই ব্যক্তিই মুসা ওকাবির, যে ক্যামব্রিলসে নিহত পাঁচজনের একজন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনে বার্সেলোনার জনপ্রিয় পর্যটন এলাকা লাস র্যামব্লাসে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে অন্তত ১৩ জনকে হত্যা করা হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে। বার্সেলোনায় হামলার কয়েক ঘণ্টা পর দেশটির উপকূলীয় শহর ক্যামব্রিলসে একই কায়দায় আবার হামলা হয়। এতে আহত হয় সাতজন। তবে এ সময় সন্দেহভাজন পাঁচজন সন্ত্রাসীকে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ। এই হামলাকারীদের সঙ্গে বার্সেলোনায় হামলাকারীদের যোগসূত্র ছিল বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল।