বাল্টিক সাগরে রুশ বিমানকে ন্যাটো বিমানের ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার একটি গোয়েন্দা বিমানকে বাল্টিক অঞ্চলে এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়ায় সেটিকে ধাওয়া করেছে ন্যাটোর যুদ্ধবিমান। অঞ্চলটিতে রাশিয়ার প্রভাব বিস্তারের কথিত তৎপরতার মধ্যে ন্যাটো এ কথা জানাল। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। খবর বিবিসির।
এস্তোনিয়ার সামরিক বাহিনীর অভিযোগ, রাশিয়ার ইলিউশিন-২০ বিমানটি মিনিট খানেকের জন্য তাদের আকাশসীমায় ঢুকে পড়ে। ন্যাটো বলছে, ইলিউশিন-২০ বিমানটি গত মঙ্গলবার প্রথমে ডেনমার্কের আকাশসীমায় ঢুকতে গেলে সে দেশের একটি এফ-১৬ জঙ্গি বিমান সেটিকে ধাওয়া করে। তারপর সেটি উত্তরে সুইডেনের দিকে অগ্রসর হয়। সুইডিশ বিমানও ধাওয়া করলে বিমানটি মিনিট খানেকের জন্য এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে। পরে ন্যাটো সদস্য পর্তুগালের কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান অনুপ্রবেশকারী বিমানটিকে সেখান থেকেও সরিয়ে দেয়।
রাশিয়া বলছে, এটি ছিল একটি প্রশিক্ষণ বিমান। তা এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। বিমানটি আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম সতর্কতার সঙ্গেই অনুসরণ করছিল।
গত সপ্তাহেই সুইডেনের রাজধানী স্টকহোমের ৪৮ কিলোমিটারের মধ্যে দেশটির জলসীমায় সন্দেহভাজন রুশ ডুবোজাহাজের উপস্থিতি শনাক্ত হওয়া নিয়ে আলোড়ন ওঠে। তবে রাশিয়া তাদের এ ধরনের কোনো নৌযান সুইডেনের জলসীমায় যাওয়ার কথা এককথায় নাকচ করে দিয়েছে।