বিক্ষোভের জেরে পদত্যাগ রোমানিয়ার প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমানিয়ার বুখারেস্টের নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ৩২ জনের প্রাণহানির ঘটনার জের ধরে গতকাল বুধবার পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা। শুক্রবারের ওই অগ্নিকাণ্ডের প্রতিবাদে বড় বিক্ষোভের পর পদত্যাগ করলেন তিনি। খবর বিবিসির।
নাইট ক্লাবটিতে একটি ব্যান্ডের সদস্যরা আতশবাজি পোড়ানোর সময় আগুন লেগে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্লাবে উপচে পড়া ভিড় থাকলেও নিরাপত্তাব্যবস্থা ছিল অপ্রতুল।
বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা এরই মধ্যে বিচারের মুখোমুখি হয়েছেন। জালিয়াতি, কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে গত সেপ্টেম্বরে তাঁর বিচার শুরু হয়। দেশটিতে ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রীর বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা এটাই প্রথম। তবে পন্টা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
রোমানিয়ার একটি টেলিভিশন চ্যানেলে গতকাল বুধবার এক ঘোষণায় ভিক্টর পন্টা বলেন, তিনি ও তাঁর সরকার পদত্যাগ করছে। পন্টা আশা প্রকাশ করেন, সরকারের পদত্যাগের ফলে বিক্ষোভকারীরা খুশি হবে।