বিখ্যাত পরিবেশ সংরক্ষণবাদী কুকি গালম্যানকে গুলি
ইতালীয় বংশোদ্ভূত বিখ্যাত পরিবেশ সংরক্ষণবাদী কুকি গালম্যানকে গুলি করা হয়েছে গতকাল রোববার। কেনিয়ার উত্তরাঞ্চলে একটি
সংরক্ষিত বনে গাড়িতে করে যাওয়ার সময় তিনি অতর্কিত হামলার শিকার হন। গুলি গালম্যানের তলপেটে লাগে। হামলাকারীরা ঘটনার পরই পালিয়ে যায়।
৭৩ বছর বয়স্ক কুকি গালম্যান দীর্ঘদিন থেকে পরিবেশ সংরক্ষণবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাঁর লেখা আই ড্রিমড অব আফ্রিকা একটি আলোচিত বই।
পরিবারের লোকজন জানান, গুলিবিদ্ধ হওয়ার পর গালম্যানকে হেলিকপ্টারে করে লাইকিপিয়া কাউন্টির নানউকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
কুকি গালম্যান ১৯৭২ সালে পরিবার নিয়ে কেনিয়ায় বসবাস শুরু করেন। সেখানে দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারান তিনি। একপর্যায়ে কেনিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন। পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণে লাইকিপিয়া এলাকায় ৩৬০ বর্গকিলোমিটার জমি কিনে নিয়েছেন কুকি গালম্যান। সেখানে বিপন্ন এবং বিরল প্রজাতির বন্য প্রাণী ও গাছপালা রয়েছে। এ ছাড়া স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন ক্রীড়া প্রকল্প পরিচালনা করেন তিনি।
কেনিয়ার খরাপীড়িত লাইকিপিয়া অঞ্চলে কয়েক মাস ধরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। খরায় বিস্তীর্ণ এলাকায় ঘাস কমে গেছে। পশুপালকেরা ঘাসের অভাবে ক্ষুব্ধ। অনেকে দারিদ্র্যপীড়িত এলাকা থেকে হাজার হাজার গবাদিপশু নিয়ে ব্যক্তিমালিকানাধীন খামারে ঢুকে পড়ছেন। সম্প্রতি সহিংসতায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।