বিচার শুরু যুদ্ধাপরাধী গ্রোয়েনিংয়ের
জার্মানিতে যুদ্ধাপরাধের দায়ে বিচার শুরু হলো ‘অশউইৎজের হিসাবরক্ষক’ নামে পরিচিত অসকার গ্রোয়েনিংয়ের। ৯৩ বছর বয়সী এ নাৎসির বিচার গতকাল মঙ্গলবার শুরু হয়েছে লুনেবুর্গ শহরের ৪ নম্বর অপরাধ আদালতে।
নানা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৬৭ জন সাক্ষী ও তাঁদের ১৪ জন আইনজীবী এই বিচার উপলক্ষে সমবতে হয়েছেন ছোট শহর লুনেবুর্গে।
দুই বছর আগে বাডেনভুর্টেনবুর্গ রাজ্যে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধবিষয়ক কেন্দ্রীয় মহাফেজখানায় পাওয়া একটি দলিলের সূত্র ধরে অসকার গ্রোয়েনিংয়ের বিচার চলছে।
আদালতে বিচারিক প্রক্রিয়া শুরুর আগে আন্তর্জাতিক লুনেবুর্গ অশউইৎজ কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে কানাডার টরন্টো থেকে আসা অশউইৎজ বন্দিশিবিরে আটক থাকা ৮১ বছর বয়স্ক ইভা কর বলেন, ‘অনেক দেরিতে হলেও এই যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে অশউইৎজ শিবিরে নিহত আমার মা-বাবার আত্মা শান্তি পাবে।’
গ্রোয়েনিং ‘হিসাবরক্ষক’ হিসেবে রুমানিয়া ও হাঙ্গেরি থেকে ধরে আনা মূলত ইহুদি যুদ্ধবন্দীদের সঙ্গে থাকা টাকাপয়সা ও মূল্যবান দ্রব্য সংগ্রহ করে তালিকা তৈরি করতেন। পরে বন্দীদের অধিকাংশকেই গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হয়। ওই দুই মাস সময়ে অন্তত তিন লাখ বন্দীকে হত্যার সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে গ্রোয়েনিংকে।