বিচারের মুখোমুখি হচ্ছেন আইএমএফ প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিনে ল্যাগার্ডে
ক্রিস্টিনে ল্যাগার্ডে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনে ল্যাগার্ডেকে ফ্রান্সের একটি আদালতে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ২০০৮ সালে এক ব্যবসায়ীকে ৪০৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ পরিশোধে অবহেলার অভিযোগে আজ বৃহস্পতিবার তাঁকে বিচারের মুখোমুখি হওয়ার আদেশ দেন ফরাসি আদালত। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।
নিকোলাস সারকোজি সরকারে থাকাকালীন ল্যাগার্ডে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সে সময় ব্যবসায়ী বার্নার্ড টাপিকে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান বিক্রির কারণে ওই ক্ষতিপূরণ দেওয়া হয়। বার্নার্ড টাপি ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজিকে সহায়তা করেছিলেন। তিনি ১৯৯৩ সালে বিক্রি হয়ে যাওয়া খেলাধুলার পণ্য সামগ্রী এডিডাস কোম্পানির বড় অংশীদার ছিলেন।
ল্যাগার্ডের আইনজীবী আদালতের এই সিদ্ধান্তকে ‘অচিন্তনীয়’ হিসেবে মন্তব্য করে বলেছেন, আইএমএফ প্রধান এর বিরুদ্ধে আপিল করবেন।
অভিযোগ প্রমাণিত হলে ল্যাগার্ডেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।