বিদায় অহিংস ভাস্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তির প্রতীক হয়ে ওঠা এই ভাস্কর্যটির কারণেই অমর থাকবেন কার্ল ফ্রেড্রিক রয়তারসর্দ l এএফ​িপ
শান্তির প্রতীক হয়ে ওঠা এই ভাস্কর্যটির কারণেই অমর থাকবেন কার্ল ফ্রেড্রিক রয়তারসর্দ l এএফ​িপ

বিশ্বখ্যাত সুইডিশ ভাস্কর কার্ল ফ্রেড্রিক রয়তারসর্দ (৮১) আর নেই। গত মঙ্গলবার তিনি মারা গেছেন বলে গতকাল বুধবার নিশ্চিত করেছে সুইডিশ কর্তৃপক্ষ।

কার্ল ফ্রেড্রিক রয়তারসর্দ
কার্ল ফ্রেড্রিক রয়তারসর্দ

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপিত গিঁট দেওয়া রিভলবারের ভাস্কর্যের জন্য কার্ল বিশ্বব্যাপী পরিচিত। ১৯৮০ সালের ৮ ডিসেম্বর তাঁর বন্ধু জন লেননকে গুলি করে হত্যা করেন মার্ক চ্যাপম্যান নামের এক ব্যক্তি। ঘটনাটি কার্লকে এতটাই আলোড়িত করে যে, ‘অহিংসা’ নাম দিয়ে তিনি কোল্ট ম্যাগনাম পয়েন্ট ৩৫৭ রিভলবারের একটি ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি করেন। ভাস্কর্যটির বিশেষত্ব হলো, এর নলের মাথায় গিঁট দেওয়া, যা সংঘাত বা হানাহানিমুক্ত বিশ্ব গড়ে তোলার আবেদন জানায়। বিশ্বজুড়ে শান্তির প্রতীক হয়ে ওঠা ভাস্কর্যটি ১৯৮৮ সালে লুক্সেমবার্গ সরকার জাতিসংঘকে উপহার দেয়। এরপরই এটি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপন করা হয়। শুধু নিউইয়র্কেই নয়, ভাস্কর্যটির রেপ্লিকা স্থাপন করা হয়েছে জার্মানির বার্লিন, সুইডেনের স্টকহোম, গোথেনবার্গসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরেও।
১৯৩৪ সালের ৪ জুন জন্মগ্রহণ করেন কার্ল ফ্রেড্রিক। ১৯৮৯ সালে স্ট্রোক করার পর থেকে তাঁকে হুইলচেয়ারে চলাফেরা করতে হতো। তিনি শুধু ভাস্করই ছিলেন না, দারুণ কবিতাও লিখতেন।