বিধ্বস্ত রুশ বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

কৃষ্ণসাগরে বিধ্বস্ত রুশ সামরিক বিমানের একটি ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো রুশ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিধ্বস্ত টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে প্রথম ব্ল্যাকবক্স উদ্ধার করা হলো।
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ব্ল্যাকবক্সে ফ্লাইটের তথ্য রয়েছে। এই তথ্য উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ শনাক্তে সহায়ক হতে পারে। উদ্ধার হওয়া ব্ল্যাকবক্সটি বিশ্লেষণের জন্য মস্কোয় পাঠানো হবে।
রুশ সামরিক বিমানটি গত রোববার কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। বিমানটিতে সেনাসদস্য, সংগীত দলের শিল্পী, সাংবাদিকসহ ৯২ জন আরোহী ছিলেন। আরোহীদের কারও বেঁচে থাকার আলামত মেলেনি।
টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া যাচ্ছিল। উড়াল দেওয়ার দুই মিনিট পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।