
চোখজুড়ানো নিসর্গ। তবে কোনো প্রতিবেশী নেই। যদি আপনি ঘর উষ্ণ রাখার হিটার, বিদ্যুৎ আর ইন্টারনেট ছাড়া থাকতে পারেন—চাকরিটার জন্য কেন আবেদন করছেন না?
জায়গাটা অস্ট্রিয়ার সালজ্বুর্গের কাছে। নাম সালাফেলডেন। শহরটির ওপরে একটা খাড়া পাহাড়ের গায়ে আশ্রম আছে। চাকরিটা পেলে আপনাকে ওই নির্জন আশ্রমে একা একা থাকতে হবে। তবে কোনো বেতন পাবেন না। মধ্য ইউরোপে এখনো যে গুটিকয়েক নির্জন আশ্রম টিকে রয়েছে, এটি সেগুলোর অন্যতম।
স্থানীয় যাজক আলোয়া মোজের বলেন, সাড়ে তিন শ বছর আগে সালাফেলডেনের আশ্রমটা বানানো হয়েছিল। সেই থেকে প্রতিবছর কেউ না কেউ সেখানে থেকেছে। কিন্তু তাঁদের সর্বশেষ উত্তরসূরি এখনো খুঁজে পাওয়া যায়নি।
এক বছরের নির্জনবাসের চাকরিটার জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিবরণ অনুযায়ী প্রার্থীর ‘খ্রিষ্টীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্ক’ থাকতে হবে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৬০০ ফুট ওপরে গিয়ে বসবাসের জন্য তাঁদের মধ্যে ‘আত্মপ্রশান্তি’ থাকা চাই।
সালাফেলডেনের ওয়েবসাইট বলছে, পরিপূর্ণ একাকিত্ব আশা করবেন না।
কারণ, ওই আশ্রমে পর্যটকদের আনাগোনা আছে। তাঁরা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান। কেউবা সেখানে গিয়ে প্রার্থনা করেন।
মোজের বলেন, প্রার্থীদের জানা দরকার, সালাফেলডেনের আশ্রমে থাকলেই জীবনটা নিঃসঙ্গ হয়ে যায় না। অনেকে এসে এখানে আস্থা খুঁজে পেতে চান। তাঁদের সঙ্গ দেওয়ার জন্যই আশ্রমে কাউকে থাকতে হয়।
সাবেক নির্জনবাসী, সাবেক যাজক ও মনোরোগ চিকিৎসক টমাস ফিয়েগমুয়েলার সেখানে একটা মৌসুম পর্যন্ত ছিলেন। পরে ভিয়েনায় ফিরে যান। সালাফেলডেনের আশ্রমটা এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত খোলা থাকে। লেখালেখির জন্যই সেখানে থাকতে গিয়েছিলেন ফিয়েগমুয়েলার। তিনি স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, ‘আশ্রমবাসের জীবনটা কঠিন। তবে সেখানকার প্রকৃতি মোহনীয়। চমৎকার কয়েকজন দর্শনার্থীর সঙ্গে আমার দেখা হয়েছিল, সুন্দর আলোচনাও। কেউ কেউ ওই নির্জনবাসীদের নিয়ে সমালোচনাও করেন। যেমন তাঁদের কেন আলখাল্লা পরতে হয় না বা দাড়ি রাখার বাধ্যবাধকতা নেই ইত্যাদি। সেসব বিবেচনায় নিলে হয়তো আমি অযোগ্যই ছিলাম।’
চাকরিটার জন্য আবেদনপত্র ডাকযোগেই পাঠাতে হবে, ই-মেইল গ্রহণযোগ্য নয়। শেষ তারিখ আগামী ১৫ মার্চ। কোনো বেতন পাবেন না। মোজের বলেন, বিভিন্ন বিষয় জানতে চেয়ে অনেকেই চিঠি পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রার্থী মেলেনি।