
তুরস্কের গোলায় যুদ্ধবিমান হারানোর জেরে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন ও সিরিয়ায় অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া। বিমান ভূপাতিত করাকে কেন্দ্র করে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সৃষ্ট উত্তেজনা দ্রুত কমিয়ে ফেলার তাগিদ দিয়েছে জাতিসংঘ, ন্যাটোসহ বিভিন্ন মহল।
সিরিয়া সীমান্তের কাছাকাছি ভূপাতিত রুশ যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে জীবিত উদ্ধার করেছে সিরীয় সেনাবাহিনী। অন্যজনকে উদ্ধারের চেষ্টা করা হলেও এক সেনাসহ তিনি নিহত হয়েছেন। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
ফ্রান্সে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ওরলভ গতকাল বুধবার ইউরোপ ওয়ান রেডিওকে বলেন, তুরস্কের যুদ্ধবিমানের গোলায় রুশ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় নিখোঁজ একজন বিমানচালককে উদ্ধার করেছে সিরীয় সেনাবাহিনী। তাঁকে সিরিয়ায় রাশিয়ার একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। তবে এ খবরকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মস্কো কর্তৃপক্ষ।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই ঘটনায় দ্বিতীয় বিমানচালক ও উদ্ধারকাজে জড়িত একজন রুশ মেরিন সেনা প্রাণ হারিয়েছেন। বিমানটি ভূপাতিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে রাশিয়া বলেছিল, পাইলটরা প্যারাস্যুট নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।
রুশ প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সের্গেই রাদস্কয় বলেন, জ্বলন্ত বিমান থেকে দুই পাইলট প্যারাস্যুটে নিচে নামার সময় ভূমি থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে একজন নিহত হন।

বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে সামরিক জোট ন্যাটো তার সদস্য তুরস্কের পাশে থাকার কথা জানিয়েছে। একই সঙ্গে উত্তেজনা না বাড়িয়ে শান্ত থাকার জন্য বিভিন্ন পক্ষ থেকে ওঠা আহ্বানেও সুর মিলিয়েছে মার্কিন নেতৃত্বাধীন প্রভাবশালী এ জোট।
ন্যাটোর মহাসচিব জ্যঁ স্টলটেনবার্গ গতকাল বলেন, যুদ্ধবিমানটি ভূপাতিত করার ঘটনা তুরস্ক যেভাবে মূল্যায়ন করেছে, তা তিনি সমর্থন করেন। কিন্তু সৃষ্ট সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা চালানো ও উত্তেজনা কমানো জরুরি।
রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা কমাতে এবং উভয় পক্ষকে শান্ত থাকতে একই রকমের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও জার্মানি।
তুরস্ক বলেছে, রুশ যুদ্ধবিমানটি বারবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তাঁর দেশের বিমানবাহিনী নিয়মের মধ্যে থেকেই কাজ করছে। তুর্কি প্রেসিডেন্টকে গত মঙ্গলবার ফোন করে তাঁর দেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রাশিয়া গতকাল বলেছে, বিমান প্রতিরক্ষাব্যবস্থা-সংবলিত একটি যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে মোতায়েন করা হবে, যাতে সিরিয়ায় রুশ বাহিনীর জন্য যেকোনো সম্ভাব্য হুমকি নস্যাৎ করা যায়। এর পাশাপাশি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সয়গু গতকাল ঘোষণা দেন, তাঁর দেশ সিরিয়ার হেইমিম বিমানঘাঁটিতে অত্যাধুনিক এস-৪০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে।