বিমান বিধ্বস্তে সহকারী পাইলট জড়িত: লুফথানসা

ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত জার্মানউইংয়ের বিমানটির সহকারী পাইলট টয়লেটে থাকা পাইলটকে আবার ককপিটে ঢুকতে বাধা দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে জার্মানির রাষ্ট্রীয় বিমান সংস্থা লুফথানসা। লুফথানসা জার্মানউইংয়ের নিয়ন্ত্রণ সংস্থা।
আজ বৃহস্পতিবার গার্ডিয়ানে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, লুফথানসার প্রধান নির্বাহী কর্মকর্তা কারস্টেন স্পোর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিমানটিকে ভূপাতিত করতেও পদক্ষেপ নিয়েছিলেন সহকারী পাইলট। এ ঘটনায় ১৫০ যাত্রী মারা যান।
জার্মানির কলোনে শহরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কারস্টেন স্পোর সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনা আমাদের দুঃস্বপ্নের চেয়েও বেশি কিছু। আমরা বাকরুদ্ধ।’ তবে এ ঘটনার পরও লুফথানসার পাইলট নিয়োগ পদ্ধতি এবং প্রশিক্ষণে তাদের আস্থা রয়েছে বলে জানান তিনি।
কারস্টেন আরও বলেন, ‘মনে হচ্ছে ঘটনার সময় পাইলট জরুরি নম্বর ব্যবহার করেও ককপিটে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সেখানে ঢুকতে পারেননি। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কোনো কোনো সময় দুর্ঘটনা এড়ানো সম্ভব নাও হতে পারে। পৃথিবীর কোনো ব্যবস্থাই এটি নিশ্চিত করতে পারে না।’
ওই সহকারী পাইলট আত্মহত্যা করতে চেয়েছিলেন কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন তিনি এমন করলেন আমরা শুধু তা অনুমানই করতে পারি।’
প্রশ্নের মুখে ককপিটের নিরাপত্তা
রুলস অব টু: সাধারণত ককপিটের দরজার নিরাপত্তা ব্যবস্থা এমন যে, বাইরে থেকে কেউ সেখানে ঢুকতে পারে না। তবে এবারের ঘটনায় পাইলটের টয়লেটে যাওয়ার সুযোগ নিয়ে বিমানটি বিধ্বস্ত করেন সহকারী পাইলট। অনেক বিমান সংস্থাই ককপিটে সার্বক্ষণিকভাবে দুজনের উপস্থিতি কঠোরভাবে মেনে চলে। তবে জার্মানউইংসের ওই বিমানে ‘রুল অব টু’ এর এ নিয়ম ছিল না। যুক্তরাষ্ট্রের বিমানগুলোতে পাইলট কিংবা সহকারী পাইলটের অনুপস্থিতে সহকারী অ্যাটেন্ডডেন্ট ককপিটে বসেন। কিন্তু ইউরোপের বিমানগুলোতে এটি সেভাবে মানা হয় না।
ককপিটের দরজার নিরাপত্তা: ককপিটের দরজার নিরাপত্তা ব্যবস্থা এমন যে, বাইরে থেকে কেউ ককপিটে ঢুকতে পারে না। তবে এবারের ঘটনায় দেখা গেল যে, এ ব্যবস্থার ফলে বিমানটির পাইলটই ভেতরে ঢুকতে পারলেন না। এ প্রসঙ্গে ডেভিড গ্লিভ নামের একজন অ্যাভিয়েশন বিশেষজ্ঞের বক্তব্য, তাদের এখন ককপিটে বাড়তি একজন লোক রাখার চিন্তা করতে হবে। তবে এরপরও যে সমস্যা হবে না সেটি বলা যাবে না। এ ধরনের ঘটনা এড়ানো আসলেই কঠিন।
ইচ্ছাকৃতভাবে ভূপাতিত করা: ১৯৯৯ সালে মিসরের একটি বিমানের পাইলট ও ২০১৩ সালে মোজাম্বিক এয়ারলাইনসের একটি বিমানের পাইলট ইচ্ছাকৃতভাবে বিমান ভূপাতিত করেন। দুটি ঘটনায়ই বিপুলসংখ্যক যাত্রী প্রাণ হারায়। প্রথম ঘটনায় পাইলট সহকারী পাইলটকে বের করে দিয়েছিলেন। আর দ্বিতীয়টির ক্ষেত্রেও পাইলট একা ছিলেন বলে পরবর্তীতে জানা যায়।