বিমান ভূপাতিত করাকে 'পিঠে ছুরি মারা' বললেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

সিরিয়া-তুরস্ক সীমান্তে রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনাকে ‘পিঠে ছুরি মারা’ বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনাকে ‘সন্ত্রাসীদের সহযোগীদের কাজ’ বলেও উল্লেখ করেন তিনি। বিবিসি ও আল-জাজিরা অনলাইনে এ কথা জানানো হয়।

আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে আজ মঙ্গলবার তুরস্ক গুলি করে রাশিয়ার যুদ্ধবিমানটি ভূপাতিত করে। যদিও আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগ নাকচ করেছে রাশিয়া। ভিডিওচিত্রে দেখা যায়, সিরিয়ার লাতাকিয়া প্রদেশের পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর সার্বিক বিষয়টি জানতে বিশেষ বৈঠকে বসেছে সামরিক জোট ন্যাটো।

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান চালাতে ৩০ সেপ্টেম্বর থেকে বোমা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই অভিযানের সময় রুশ যুদ্ধবিমানগুলো মাঝেমধ্যেই তুর্কি আকাশসীমা লঙ্ঘন করছে বলে আগেই অভিযোগ তুলেছে তুরস্ক।

তুর্কি সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, মঙ্গলবার তুর্কি আকাশসীমা লঙ্ঘন করায় রুশ যুদ্ধবিমানটির পাইলটদের বারবার সতর্ক করে দেওয়া হয়। সেই সতর্কতা না মানায় তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান থেকে গুলি চালিয়ে রাশিয়ার যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলের তাদের এসইউ-২৪ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভূমি থেকে গুলি চালানোর কারণে বিমানটি বিধ্বস্ত হয়।