রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হ্রাসে শিগগিরই বিল পাসের পথ সুগম করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন মার্কিন সিনেটররা।
গত বুধবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্যরা এই বিল পাস করার পথ সুগমের ব্যাপারে এই মতৈক্যে পৌঁছান। এ দিনই আরও আগের দিকে রাশিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, মস্কোর ওপর নতুন করে অবরোধ আরোপের লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি আইনের খসড়া অনুমোদন করায় এর পাল্টা পদক্ষেপ নেওয়ার কাছাকাছি অবস্থানে পৌঁছাচ্ছেন তাঁরা।
মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির রিপাবলিকান দলীয় চেয়ারম্যান সিনেটর বব কর্কার বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে এ কথা ঘোষণা করছি যে আমরা একটি মতৈক্যে পৌঁছেছি। এর ফলে আমরা প্রেসিডেন্টের কাছে নতুন করে অবরোধ আরোপ-সম্পর্কিত আইন পাঠাতে পারব।’ তিনি বলেন, রাশিয়া ও ইরান এবং সেই সঙ্গে উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিষয়টি অনুমোদনে সিনেট পদক্ষেপ নেবে। সিনেটে বিলটি পাস হলে তা আইন হিসেবে কার্যকর হতে বা তাতে ভেটো দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ গত মঙ্গলবার ৪১৯-৩ ভোটে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ ও মস্কোর ওপর আরোপিত অবরোধ শিথিলে ট্রাম্পের ক্ষমতা হ্রাস নিয়ে একটি আইনের খসড়া অনুমোদন করেছে।
এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই বিল আইনে পরিণত হলে মস্কো প্রতিশোধ হিসেবে কী পদক্ষেপ নেবে সে বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিদ্ধান্ত নেবেন।