বিশ্বে সামরিক খাতে ব্যয়ের পরিমাণ বেড়েই চলেছে। উত্তর আফ্রিকা থেকে শুরু করে উত্তর আমেরিকা পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর আরও অধুনিকায়নের লক্ষ্যে উন্নত ও উন্নয়নশীল দেশগুলো প্রতিরক্ষা বাজেটে আরও বেশি অর্থ বরাদ্দ দিচ্ছে।
সুইডেনভিত্তিক স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই) নতুন এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে। ‘ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচার রিপোর্ট’ শীর্ষক ওই প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে জ্বালানি তেলের অব্যাহত দরপতন ও রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল থাকার পরও ২০১৬ সালে সামরিক খাতে ব্যয়ের দিক থেকে দেশটি বিশ্বে তৃতীয় স্থান দখল করেছে। সামরিক ব্যয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র এবং এরপর চীন।
২০১৬ সালে বিশ্বে সামরিক খাতে আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি খরচ হয়েছে, যা বৈশ্বিক জিডিপির ২ দশমিক ২ শতাংশ। ২০১৬ সালে রাশিয়া সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশ। মস্কোর সামরিক ব্যয় ৬ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সামরিক খাতে এটি রাশিয়ার সর্বোচ্চ ব্যয়।
আর বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ২০১৬ সালে এ খাতে তাদের ব্যয় ১ দশমিক ৭ শতাংশ বাড়িয়েছে, যার পরিমাণ ৬১ হাজার ১০০ কোটি ডলার। এশীয় দেশ চীন সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে ৫ দশমিক ৪ শতাংশ। ২০১৬ সালে বেইজিং এ খাতে ২১ হাজার ৫০০ কোটি ডলার খরচ করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইউরোপীয় দেশগুলো গত বছর সামরিক ব্যয় অনেক বাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। ন্যাটোভুক্ত অন্য যেকোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্র, গ্রিস, ফ্রান্স ও এস্তোনিয়ার সামরিক ব্যয় গত বছর বেশি বেড়েছে।
তবে বিশ্ববাজারে তেলের দামের নিম্নগতির কারণে ২০১৬ সালে সৌদি আরব প্রায় ৩০ শতাংশ সামরিক ব্যয় কমাতে বাধ্য হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশ বর্তমানে বিভিন্ন আঞ্চলিক যুদ্ধের সঙ্গে জড়িয়েছে উল্লেখ করে এসআইপিআরআই জানায়, ২০১৫ সালে সামরিক খাতে ব্যয়ের ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম দেশ হলেও গত বছর সৌদি আরবের অবস্থান এক ধাপ নিচে নেমে গেছে। আর ভারত নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জনের লক্ষ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। ২০১৬ সালে দেশটি সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে ৮ দশমিক ৯ শতাংশ। নয়াদিল্লির সামরিক ব্যয় ৫ হাজার ৫৯০ কোটি ডলার।
এসআইপিআরআই তাদের প্রতিবেদনে ভারত এবং সৌদি আরবকে বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে উল্লেখ করেছে। ১৯৯৬ সালে সুইডেনে প্রতিষ্ঠিত এসআইপিআরআই প্রতিবছর আন্তরাষ্ট্রীয় সংকট ও সামরিক ব্যয়ের বার্ষিক পরিসংখ্যান প্রকাশ করে থাকে।