বিড়ালের কৃত্রিম পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুহ্‌ আর স্টিভেন—বুলগেরিয়ার দুটি বিড়ালের নাম। তারা দুর্ঘটনায় পেছনের দুই পা হারিয়েছিল। কিন্তু দেশটির একদল চিকিৎসক তাদের উভয়ের পেছনের পা-জোড়া সারিয়ে তুলেছেন। জুড়ে দিয়েছেন বায়োনিক বা কৃত্রিম পা। সেই নতুন পায়ে ভর দিয়ে বিড়ালগুলো এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে।

রাজধানী সোফিয়ার সেন্ট্রাল ভেট ক্লিনিকের ওই শল্যচিকিৎসকেরা বলছেন, বিড়ালের শরীরে বায়োনিক পা লাগানোর অস্ত্রোপচার বুলগেরিয়া ও ব্রিটেনের বাইরে কোনো ইউরোপীয় দেশে এটিই প্রথম। কৃত্রিম পা-জোড়া টাইটানিয়াম এবং পলিমার ও রাবারের তৈরি।

এক বছর বয়সী পুহ্‌ গত এপ্রিলে পঙ্গু হয়ে যায়। সম্ভবত কোনো মোটরগাড়ি বা ট্রেন দুর্ঘটনাই বিড়ালটির এমন দুরবস্থার কারণ। তাকে সারিয়ে তুলেছেন প্রাণী শল্যচিকিৎসক ভ্লাদিস্লাভ জ্লাতিনভ। তিনি বিড়ালের কৃত্রিম পা সংযোজনের পথিকৃৎ নোয়েল ফিট্‌জপ্যাট্রিকের পদ্ধতি অনুসরণ করেছেন। আইরিশ এই চিকিৎসক ২০০৯ সালে ব্রিটেনে অস্কার নামের একটি কুকুরের বায়োনিক অঙ্গ সংযোজন করেন। জ্লাতিনভ বলেন, সাদা-কালো বিড়াল পুহ্‌র শারীরিক অবস্থা এখন সন্তোষজনকের চেয়েও ভালো। সামান্য জড়তা থাকলেও সে হাঁটতে, লাফাতে ও দৌড়াতে পারছে। সবকিছু ঠিক থাকলে ধীরে ধীরে তার হাড় ঘিরে ত্বক গজাবে। এতে সংক্রমণের আশঙ্কাও কমবে।

৩৫ বছর বয়সী এই প্রাণিচিকিৎসক বলেন, এক পা হারালেও বিড়াল চলাফেরা করতে পারে। কিন্তু দুই পা হারালে কী হয়? হ্যাঁ, বেঁচে থাকে। কিন্তু খুব কষ্ট পায়।

জ্লাতিনভ আরেকটি কুকুরের কৃত্রিম পা সংযোজন করেছেন। তার নাম স্টিভেন। বয়স আট মাস। সেও গত বছর পেছনের দুটি পা হারিয়েছিল। পুহ্‌ এবং স্টিভেনকে লেটস অ্যাডপ্ট বুলগেরিয়া নামের একটি দাতব্য সংগঠন হাসপাতালে ভর্তি করিয়েছিল। তারাই চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচ দিয়েছে।