বুরকিনি নিষেধাজ্ঞায় ফ্রান্সের পথে যাচ্ছে না ইতালি
সমুদ্রসৈকতে পরিধেয় মেয়েদের পুরো শরীর ঢাকা পোশাক বুরকিনির ওপর ফ্রান্সের মতো নিষেধাজ্ঞা আরোপ করবে না ইতালি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ বিষয়ে ফ্রান্সের নিষেধাজ্ঞা কাজের নয়। তবে মসজিদ ও এর ইমামদের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আনার পরিকল্পনা করা হচ্ছে। ধর্মনিরপেক্ষতাসহ দেশের মূল আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়— এ যুক্তিতে সম্প্রতি ফ্রান্সের কয়েকটি স্থানে বুরকিনিকে নিষিদ্ধ করা হয়েছে।
করিয়ের দেল্লা সেরা দৈনিকে গতকাল বুধবার প্রকাশিত খবর অনুযায়ী ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো বলেন, ইসলামি ধ্যানধারণার সঙ্গে সম্পৃক্ত পোশাকের ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা কাজের নয় বলে তিনি মনে করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা ও প্রতিক্রিয়ার তীব্রতা সম্পর্কে সিদ্ধান্তে আসা। সম্ভাব্য হামলার কারণ হওয়ার জন্য উসকানিমূলক কিছু করা উচিত নয়। আলফানো আরও বলেন, ইতালির মসজিদে ধর্মীয় বক্তব্যদানকারী সব ইমামকে তিনি দেশে প্রশিক্ষণ দিতে চান।
ইতালি চলতি বছরের শুরু থেকে উগ্রবাদী ইসলাম প্রচারের দায়ে নয়জন ইমামকে দেশ থেকে বহিষ্কার করেছে।