বুলগেরিয়ায় গুলিতে শরণার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলগেরিয়ার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে গত বৃহস্পতিবার রাতে একজন আফগান শরণার্থী নিহত হয়েছেন। তিনি তুরস্ক থেকে বুলগেরিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন। অন্যদিকে শরণার্থীদের প্রবেশ বন্ধ করার লক্ষ্যে একটি পরিকল্পনা বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তুরস্কের মধ্যে মতৈক্য হয়েছে। খবর এএফপির।
শরণার্থীদের নিয়ে ইউরোপে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় সংকট চলছে বলে ধারণা করা হয়। এ পরিস্থিতিতে ইউরোপীয় কোনো দেশের সীমান্তে গুলিবিদ্ধ হয়ে শরণার্থীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জর্জি কস্তোভ গতকাল শুক্রবার বলেন, সীমান্তরক্ষীরা ওই ব্যক্তিকে সতর্ক করার লক্ষ্যেই গুলি ছুড়েছিল। তার আগে তাঁকে থামতে বলা হয়েছিল। কিন্তু তিনি ‘কান দেননি’। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বুলগেরিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র বরিস চেশিরকভ ওই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়েছেন।
যুদ্ধবিগ্রহ, নিপীড়ন ও দারিদ্র্য থেকে বাঁচার জন্য মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশের লাখো মানুষ ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে গেছে। নতুন শরণার্থীর স্রোত ঠেকাতে মানব পাচারকারীদের মোকাবিলায় কিছু উদ্যোগ নেওয়ার ব্যাপারে তুরস্ক-ইইউ একমত হয়েছে। ওই চুক্তির আওতায় শরণার্থী-সংকট মোকাবিলায় ইইউকে সহায়তা করবে তুরস্ক। বিনিময়ে দেশটিকে আরও বেশি তহবিল দেওয়া হবে এবং তুর্কি নাগরিকেরা সহজে ইউরোপ ভ্রমণের ভিসা পাবেন।