ব্রেক্সিট বাস্তবায়নে পার্লামেন্টের অনুমোদন নিতেই হবে
সরকার নয়, পার্লামেন্টকেই ব্রেক্সিট কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে। গত নভেম্বরে দেওয়া যুক্তরাজ্যের হাইকোর্টের এমন রায়কেই বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট।
আজ মঙ্গলবার দেওয়া আপিল বিভাগের রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, সরকার নির্বাহী ক্ষমতার দোহাই দিয়ে এককভাবে ব্রেক্সিট কার্যকরের সিদ্ধান্ত নিতে পারে না। সংসদে সংখ্যাগরিষ্ঠ এমপির সাড়া পেলেই কেবল সরকার ‘অনুচ্ছেদ ৫০’ (আর্টিকেল ফিফটি) সক্রিয় করতে পারবে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় পার্লামেন্ট যে সার্বভৌম ক্ষমতার অধিকারী—সেই প্রতিষ্ঠিত সত্যটি এই রায়ের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত বছরের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের মানুষ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে রায় দেয়। ইইউ ছেড়ে বেরিয়ে আসতে হলে যুক্তরাজ্যকে ২০০৯ সালে প্রণীত লিবসন চুক্তির ‘অনুচ্ছেদ ৫০’–এর আওতায় আনুষ্ঠানিক আবেদন করতে হবে। ওই আবেদনের দুই বছরের মধ্যে সম্পর্ক চুকিয়ে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইইউর সদস্যপদ ছেড়ে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিকে বলা হচ্ছে ব্রেক্সিট, যা ‘ব্রিটেন এক্সিট’-এর সংক্ষেপিত রূপ।
প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী মে মাসের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেন। কিন্তু তাঁর সরকার ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টে আলোচনা করতে অস্বীকৃতি জানায়।
সরকার দাবি করে, বিদ্যমান ক্ষমতাবলে মন্ত্রিপরিষদ অনুচ্ছেদ ৫০ সক্রিয় করা ও ইইউর সঙ্গে ব্রেক্সিট–পরবর্তী সম্পর্কের শর্ত নির্ধারণ করবে। বিরোধী দলসহ ইইউপন্থী এমপিরা বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তটি পার্লামেন্টের মাধ্যমেই নিতে হবে। বিষয়টি আদালতে গড়ালে দেশটির হাইকোর্ট সরকারের অবস্থানের বিপক্ষে রায় দেয়। ফলে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার।
বিষয়টির সাংবিধানিক গুরুত্ব ও রাজনৈতিক স্পর্শকাতরতা বিবেচনায় সুপ্রিম কোর্ট ১১ জন শীর্ষ বিচারকের সমন্বয়ে বেঞ্চ গঠন করে, যা দেশটিতে নজিরবিহীন। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয় শুনানি। আপিল রায়ে আটজন বিচারক হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে মত দিয়েছেন।
তবে এ রায়ে সরকারের জন্য স্বস্তির বিষয় হলো, ব্রেক্সিট কার্যকরের জন্য স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডের অনুমোদন লাগবে না বলে জানিয়েছেন শীর্ষ আদালত। এই তিন সরকারই ইইউ ত্যাগের বিপক্ষে।
মামলার প্রধান বাদী লন্ডনভিত্তিক একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জিনা মিলার তাঁর প্রতিক্রিয়া ব্রেক্সিটকে এই প্রজন্মের সবচেয়ে বিতর্কিত বিষয় বলে উল্লেখ করেন। বলেন, এ রায়ে কোনো রাজনৈতিক বিজয়ের ব্যাপার নেই, এটি সাংবিধানিক প্রক্রিয়ার ব্যাপার।
সরকারি কৌঁসুলি জেরেমি রাইট বলেন, রায়ে তাঁরা ‘হতাশ’। তবে রায় কার্যকরে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ইইউ ছাড়ার জন্য মানুষ যে ভোট দিয়েছে, এই রায়ে তা পরিবর্তন হবে না। বিরোধী দলের নেতা জেরেমি করবিনও অনুচ্ছেদ ৫০ সক্রিয় করতে সরকারকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ব্রেক্সিটের শর্ত নিয়ে দ্বিমত থাকলেও ‘অনুচ্ছেদ ৫০’ বিল আটকাবেন বলে ধারণা।
রায় আবারও সরকারের বিপক্ষে যাবে, এমনটি আগেই ধারণা করা হয়েছিল। সম্প্রতি থেরেসা মে প্রকাশ্যে ব্রেক্সিটের রূপরেখা তুলে ধরেন। এ সময় তিনি এমপিদের অনুমোদন চাইবেন বলেও জানান। যে কারণে রায় বিপক্ষে গেলেও ঘোষিত সময়ের মধ্যেই ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হবে বলে দাবি করছে সরকার।