বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ১২
বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী বড় ধরনের এক অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। এই অভিযানে সারা দেশের ৪০টিরও বেশি বাড়িতে তল্লাশি চলে। গত সপ্তাহেই দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছিলেন, সম্প্রতি সিরিয়া থেকে ইসলামিক স্টেটের (আইএস) একদল জঙ্গি ইউরোপে আসছে।
ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রো স্টেশনে গত মার্চ মাসে বোমা হামলায় ৩২ জন নিহত হওয়ার পর থেকে বেলজিয়ামে উচ্চমাত্রার সতর্কতা জারি রয়েছে।
চলমান ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টে বেলজিয়ামের কোনো একটি ম্যাচের সময় হামলা চালানো হতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বেলজিয়ামের কেন্দ্রীয় কৌঁসুলি বলেছেন, অভিযানে আটক ৪০ জনকে শুক্রবার দিবাগত রাতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে আটক করা হয়।
সরকার দেশে সন্ত্রাসী হামলার হুমকি কোন পর্যায়ে আছে তা জানায়নি।
রাজধানী ব্রাসেলসের আশপাশে ১৬টি পৌর এলাকায় তল্লাশি চালানো হয়েছে। পুলিশ তালাবদ্ধ দেড় শটির বেশি গ্যারেজে তল্লাশি চালিয়েছে। তবে কোনো অস্ত্র বা বিস্ফোরক খুঁজে পায়নি।
ব্রাসেলসের কাছের উপশহর মলেনবিকেও অভিযান চালানো হয়। এ জায়গাটি ইতিমধ্যে বিভিন্ন কারণে ইউরোপে জঙ্গিবাদের অন্যতম উৎস হিসেবে পরিচিতি অর্জন করেছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেছেন, উন্মুক্ত স্থানের কোনো অনুষ্ঠান তাঁরা বন্ধ করছেন না। তবে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রতিবেশী ফ্রান্সে ইউরো ফুটবল টুর্নামেন্টে বেলজিয়ামের ম্যাচে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পেয়ে এই অভিযান চালানোর কথা অস্বীকার করেছেন বেলজিয়ামের কর্মকর্তারা।
ফরাসি একটি সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্য ব্রাসেলসে বড় পর্দায় বেলজিয়াম ও আয়ারল্যান্ডের ম্যাচ দেখানোর আয়োজনের কাছাকাছি সন্দেহভাজন সন্ত্রাসীদের গাড়ি চালিয়ে যেতে দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার বিষয়ে দেশটিকে সতর্ক করা হয়। স্থা্নীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শার্ল মিশেলসহ চারজন মন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
বেলজিয়ামের পুলিশ জানায়, সম্প্রতি তারা একটি সতর্কবার্তা পেয়েছে। এতে বলা হয়, কিছু আইএস সদস্য সিরিয়া থেকে ইউরোপের পথে পাড়ি দিয়েছে। তারা বেলজিয়াম ও ফ্রান্সে নতুন হামলা চালানোর পরিকল্পনা করছে।
বেলজিয়ামের তদন্তকারীরা ব্রাসেলসে গত মার্চে বোমা হামলাকারীদের কারও কারও সঙ্গে গত বছরের ১৩ নভেম্বরে প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলার সংযোগ খুঁজে পেয়েছেন। প্যারিসের কয়েকটি স্থানে চালানো উপর্যুপরি হামলায় ১৩০ জন নিহত হয়। প্যারিসে হামলাকারীদের বেশ কয়েকজন বেলজিয়াম থেকে সেখানে গিয়েছিলেন।