বেলজিয়ামে অভিযানকালে এক সন্দেহভাজনকে গুলি
ইউরোপজুড়ে সন্ত্রাসবিরোধী তল্লাশি অভিযান চলাকালে বেলজিয়ামের পুলিশ এক সন্দেহভাজনকে গুলি করেছে। এ ছাড়া গতকাল শুক্রবার পর্যন্ত বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
এএফপির আজ শনিবারের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার ব্রাসেলসে হামলার ঘটনায় ৩১ জন নিহত এবং ৩০০ জন আহত হয়। হতাহতদের স্মরণ করছে বেলজিয়ামবাসী। তবে একই সঙ্গে তারা ক্ষুব্ধও হচ্ছে। তাদের অভিযোগ, সরকারের ব্যর্থতার কারণে সন্ত্রাসীরা নাগালের বাইরে চলে যাচ্ছে।
ব্রাসেলস হামলায় জড়িত সন্ত্রাসীদের পাকড়াও করতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে বেলজিয়ামের পুলিশ। অভিযান চলছে প্রতিবেশী ফ্রান্স আর জার্মানিতেও। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানি থেকে মোট ১০ জনকে পাকড়াও করা হয়েছে। ফ্রান্স বলেছে, ব্রাসেলস হামলাকারীদের সঙ্গে যোগসাজশ থাকা একটি চক্র ফ্রান্সে আবার বড় ধরনের হামলার ছক কষেছিল। অনেক দূর এগিয়ে যাওয়া সেই ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে।
গত মঙ্গলবার ব্রাসেলসে বিমানবন্দর ও পাতালরেলে সন্ত্রাসী হামলায় ৩১ জন নিহত হয়। এ ঘটনায় পুরো ইউরোপে এবং এর বাইরেও বিভিন্ন দেশে নজরদারি বাড়ানো হয়।