বেলজিয়ামে গুলিতে 'হামলাকারী' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি রেলওয়ে স্টেশনে গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর গুলিতে এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। নিহত হওয়ার আগে ওই ব্যক্তি হাতে তৈরি একটি কম শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান। তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৩৬ বছর বয়সী সন্দেহভাজন ওই হামলাকারী মরক্কোর বংশোদ্ভূত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তিনি ব্রাসেলসের মোলেনবিক এলাকার বাসিন্দা ছিলেন।

বেলজিয়ামের প্রসিকিউটর এরিক ভন ডার সিপ্ট বলেছেন, তাঁরা এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বিবেচনা করছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন, হামলাকারী বিস্ফোরণ ঘটানোর আগে ‘ইসলামি স্লোগান’ দিয়েছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম ভিটিএম স্বরাষ্ট্রমন্ত্রী জান জামবনের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীর সঙ্গে আরও শক্তিশালী একটি বোমা ছিল, যা বিস্ফোরিত হয়নি।

প্রধানমন্ত্রী চার্লস মাইকেল এ ঘটনায় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করেছেন। সেই সঙ্গে বেলজিয়ামে দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।