বেলজিয়ামে দুই সন্দেহভাজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শনিবার অস্ট্রিয়ার পুলিশ খ্রিষ্টীয় নববর্ষ সামনে রেখে ইউরোপের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছিল। খবর এএফপির।
ব্রাসেলস এবং ফ্লেমিশ ব্রাবাঁ ও লিজ প্রদেশে পুলিশ গত রবি ও সোমবার তল্লাশি অভিযান চালায় বলে বিবিসি জানায়। এ অভিযানে পুলিশ সামরিক পোশাক ও তথ্যপ্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করলেও কোনো অস্ত্রশস্ত্র বা বিস্ফোরক ব্যবহার করেনি।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভবন ও বিভিন্ন কূটনৈতিক দপ্তরসহ ব্রাসেলসের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার আশঙ্কায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত ১৩ নভেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই প্রতিবেশী বেলজিয়ামে কড়া সতর্কতা জারি রয়েছে। বেলজিয়াম থেকেই ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে সর্বশেষ গ্রেপ্তারের ঘটনার সঙ্গে প্যারিস হামলার কোনো যোগসূত্র নেই বলে বেলজিয়ামের আইনবিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেপ্তার দুজনের একজন একটি সন্ত্রাসী শাখার নেতৃত্ব দেন এবং লোকজন নিয়োগ করেন বলে ধারণা করা হচ্ছে।
বেলজিয়ামের সম্প্রচার প্রতিষ্ঠান আরটিবিএফ জানায়, সন্দেহভাজন ওই দুজন ব্রাসেলসের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এবং পুলিশের ওপর হামলার ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের কাছ থেকে কথিত ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন প্রচারপত্র ও অন্যান্য জিনিস জব্দ করা হয়েছে। পুলিশি অভিযানের সময় আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।
প্যারিস হামলার পর গত মাসে ব্রাসেলস টানা চার দিন অবরুদ্ধ ছিল। একই ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় সেখানকার বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও মেট্রো রেল বন্ধ রাখা হয়েছিল। প্যারিস হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদ বেলজিয়ামের নাগরিক এবং তিনি সিরিয়ায় লড়াই করতে গিয়েছিলেন। প্যারিস হামলায় জড়িত সন্দেহে সালাহ আবদেসালাম নামের এক ফরাসি নাগরিককে বেলজিয়ামে খুঁজছে পুলিশ। ওই ব্যক্তির ভাই ব্রাহিম প্যারিসে হামলার সময়ই আত্মঘাতী হন।
ইসলামি জঙ্গিদের মোকাবিলায় বেলজিয়াম গত কয়েক বছর ধরে হিমশিম খাচ্ছে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ছোট দেশ বেলজিয়াম থেকে বেশি মানুষ জঙ্গি সংগঠন আইএসের পক্ষে লড়াই করতে গেছেন।