বেলজিয়ামে দুর্বৃত্তের চাপাতি হামলায় ২ নারী পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় শার্লেরয় শহরে এক দুর্বৃত্তের চাপাতির কোপে দুই নারী পুলিশ আহত হয়েছেন। গতকাল শনিবারের এ ঘটনার সময় হামলাকারীকে গুলি করে হত্যা করে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বেলজিয়ামের বার্তা সংস্থা বেলজা জানায়, শহরের প্রধান পুলিশ স্টেশনের বাইরে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যের একজনের মুখমণ্ডলে গভীর ক্ষত হয়েছে। তাঁকে হাসপাতালে পাঠানো হয়। অপরজন সামান্য আহত হন।
হামলাকারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীর এ হামলার দায়দায়িত্ব স্বীকারের কথাও জানা যায়নি। তবে হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে হামলা চালায় বলে জানা গেছে। দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিচেল আরটিএল টেলিভিশনকে বলেন, ‘প্রাথমিক লক্ষণ থেকে এটা খুবই পরিষ্কার যে এটা সন্ত্রাসী হামলা।’
এ ঘটনার আগে গত ২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দর এবং স্থানীয় একটি পাতাল রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হন। এরপর থেকে বেলজিয়ামে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।
বিচ্ছিন্ন ঘটনায় গত ৩০ জুলাই বেলজিয়ামের কর্তৃপক্ষ ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে সন্ত্রাসী হামলা চালিয়ে ‘হত্যার চেষ্টা’ এবং একটি জঙ্গি সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত করে।
গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসে ভয়াবহ বোমা হামলার পরিকল্পনা বেলজিয়াম থেকে করা হয়েছিল বলে ওই ঘটনার তদন্তকারীরা বলেছেন। এ হামলায় ১৩০ জন প্রাণ হারান।