বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম ও তাঁর সহযোগীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বেলজিয়াম। ছবি: রয়টার্স
প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম ও তাঁর সহযোগীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বেলজিয়াম। ছবি: রয়টার্স

সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে বেলজিয়ামের পুলিশ। তবে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন।

বেলজিয়ামের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়।

সম্প্রতি প্যারিসে যে সন্ত্রাসীরা হামলা চালায়, তাদের কয়েকজনের বাড়ি বেলজিয়ামে। ওই ঘটনার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম বর্তমানে পলাতক। তিনি বেলজিয়ামেই পালিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে ও তাঁর অন্য সঙ্গীদের ধরতে সেখানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

রাজধানী ব্রাসেলস ও অন্য একটি শহরে গতকাল রোববার মোট ২২টি অভিযান চালানো হয়। অভিযানকালে একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে এক সন্দেহভাজন আহত হন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকালের অভিযানে কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার হয়নি।

ব্রাসেলসে জারি রাখা সর্বোচ্চ সতর্কাবস্থা আজও অব্যাহত থাকছে। এর আওতায় বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান ও মেট্রো-ব্যবস্থা।