বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ২
বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস দমন আদালতের এক বিচারকের নির্দেশে দেশটির মনস এলাকায় ও লিগ শহরে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বেলজিয়ামের কেন্দ্রীয় প্রসিকিউটর কার্যালয়ের এক মুখপাত্র গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, গ্রেপ্তার দুই সহোদর নুরেদিনে এইচ (৩৩) ও হামজা এইচ হামলার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযানের সময় তাঁদের কাছে কোনো অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি। গতকাল বিকেলেই তাঁদের গ্রেপ্তারের বিষয়টি একজন বিচারকের পর্যালোচনা করার কথা বলে বিবৃতিতে জানানো হয়।
রাজধানী ব্রাসেলসে গত মার্চে বিমানবন্দর ও মেট্রোস্টেশনে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলার পর থেকেই সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বেলজিয়াম।
প্যারিস বোমা হামলার দুই সন্দেহভাজনকে ফ্রান্সে স্থানান্তর: ফ্রান্সের রাজধানী প্যারিসে গত নভেম্বরের হামলায় জড়িত সন্দেহে অস্ট্রিয়ায় গ্রেপ্তার আইএসের দুই সদস্যকে ফ্রান্সের কাছে স্থানান্তর করা হয়েছে। আলজেরিয়ার নাগরিক আদেল হাদ্দাদি (২৯) ও পাকিস্তানের নাগরিক মোহাম্মদ ওসমান গণি নামের ওই দুই ব্যক্তিকে গত বছরের ডিসেম্বর মাসে অস্ট্রিয়ার অভিবাসী কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, প্যারিসে হামলাকারীদের সঙ্গে গ্রিস পর্যন্ত গিয়েছিলেন গ্রেপ্তার ওই দুই ব্যক্তি এবং ষড়যন্ত্রকারীদের মধ্যে তাঁরা ছিলেন।
অস্ট্রিয়ার পুলিশ বলেছে, একটি শরণার্থী নৌকায় করে হাদ্দাদি ও গণি গ্রিসে গিয়েছিলেন এবং সিরিয়ার পাসপোর্ট জালিয়াতির ঘটনায় আটক হয়েছিলেন। পরে ছেড়ে দেওয়া হলে তাঁরা জার্মান সীমান্তবর্তী অস্ট্রিয়ার সালজবার্গে যান।
ফরাসি পুলিশের সতর্ক বার্তা পেয়ে সেখান থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। হাদ্দাদি পুলিশকে বলেছেন, তাঁরা ‘একটি মিশন’ বাস্তবায়নে ফ্রান্সে যেতে চেয়েছিলেন। আর গণিকে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার বোমা তৈরির কারিগর বলে ধারণা করা হচ্ছে।