বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রাস্তায় গতকাল সেনাসদস্যদের কড়া পাহারা। প্যারিসের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কায় গতকাল সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় l ছবি: রয়টার্স
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রাস্তায় গতকাল সেনাসদস্যদের কড়া পাহারা। প্যারিসের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কায় গতকাল সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় l ছবি: রয়টার্স

ফ্রান্সের প্যারিসের মতো সন্ত্রাসী হামলা হতে পারে—এমন আশঙ্কায় প্রতিবেশী বেলজিয়ামে গতকাল শনিবার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ‘অত্যাসন্ন হুমকি’র খবরে এ সতর্কতা জারি করা হয়। খবর বিবিসির।
রাজধানী ব্রাসেলসের মেট্রোরেল আজ রোববার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে বড় বড় বিপণিবিতান। এ ছাড়া বাতিল করা হয়েছে কনসার্ট, ফুটবল ম্যাচসহ বড় ধরনের সব গণজমায়েত কর্মসূচি। প্যারিসের সন্ত্রাসী ঘটনার সঙ্গে বেলজিয়ামের একাধিক নাগরিক বা বাসিন্দার যোগসূত্র থাকার খবর ক্রমশই বেশি করে প্রকাশ পাওয়ায় ব্রাসেলসের হামলার শিকার হওয়ার আশঙ্কা বেড়েছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেছেন, গত সপ্তাহে প্যারিসে যে হামলা হয়েছে, ঠিক একই কায়দায় তাঁর দেশেও হামলার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের আশঙ্কা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে কিছু লোক ভিন্ন ভিন্ন স্থানে অতর্কিত হামলা চালাতে পারে। তাঁর ভাষ্যমতে, আজ রোববার ব্রাসেলসের নিরাপত্তাব্যবস্থা পুনঃপর্যালোচনা করা হবে। এই সতর্কাবস্থা আরও দীর্ঘায়িত হবে কি না, সে বিষয়ে তখনই সিদ্ধান্ত নেওয়া হবে।
বেলজিয়ামের জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র ওসিএএম গতকাল সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায় ৪-এ তোলে। এর অর্থ হচ্ছে, ব্রাসেলস অঞ্চলে ‘খুবই গুরুতর’ হুমকি রয়েছে। দেশের বাকি অঞ্চলের জন্য হুমকির মাত্রা ৩-এ রাখা হয়েছে। ওসিএএমের পক্ষ থেকে নগরবাসীকে বড় সংগীতানুষ্ঠান এবং ব্যস্ত পরিবহন কেন্দ্রের মতো জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়। ছুটির দিনে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের ফুটবল ম্যাচের মতো কিছু বড় অনুষ্ঠান আয়োজন বাতিলের সুপারিশ করা হয় ব্রাসেলস অঞ্চলের কর্তৃপক্ষকে।

বাড়তি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে গতকাল বিমানবন্দর ও রেলস্টেশনে সতর্ক তল্লাশিচৌকি বসানো হয়। গণপরিবহন চলেছে সীমিত পরিমাণে।

গত সপ্তাহে প্যারিসে যে সন্ত্রাসীরা হামলা চালায়, তাদের কয়েকজনের বাড়ি বেলজিয়ামে। ওই ঘটনার প্রধান সন্দেহভাজন সালেহ আবদেসালাম বর্তমানে পলাতক। তিনি বেলজিয়ামেই পালিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা তাঁকে ধরার জন্য সার্বক্ষণিক ভিত্তিতে কাজ করছেন। তাঁর ভাই ব্রাহিম আবদেসালাম প্যারিসের হামলার পর বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন।

বেলজিয়াম সরকার সে দেশ থেকে তিন ব্যক্তিকে প্যারিস হামলায় জড়িত সন্দেহে আটক করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জঁ জাবোঁ গতকাল সাংবাদিকদের বলেন, দেশের পরিস্থিতি ‘গুরুতর, তবে নিয়ন্ত্রণে’।

প্যারিসের এ হত্যাযজ্ঞ শুধু ফ্রান্স কিংবা এর প্রতিবেশী বেলজিয়াম নয়, পুরো ইউরোপজুড়ে উদ্বেগের সঞ্চার করেছে। কারণ, খবর পাওয়া গেছে, সন্ত্রাসীরা সাফল্যের সঙ্গে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করেছে।

সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে: ফরাসি পুলিশ কর্তৃপক্ষ গতকাল সাঁ দোনিতে অভিযানের সময় গ্রেপ্তার হওয়া সাতজনকে ছেড়ে দিয়েছে। তবে বেলজিয়ামের দুই ব্যক্তিকে বাসা ভাড়া দেওয়া জাওয়াদ বেনদাউদকে মুক্তি দেওয়া হয়নি। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারীকে পাকড়াওয়ের জন্য গত বুধবার ভোরের ওই অভিযানের সময় ভবনের ভেতরে চারজন এবং বাইরে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজন হচ্ছেন বেনদাউদ এবং অন্যজন তাঁর প্রতিষ্ঠানে কাজ করা এক নারী।