বেলজিয়ামে হামলার হুমকি, অভিযানে বোমা মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি বিপণিবিতানে বোমা হামলার হুমকি ও এ নিয়ে সতর্কতা জারির পর গতকাল মঙ্গলবার এক অভিযান চালানো হয়েছে। অভিযানে সন্দেহভাজন হুমকিদাতাকে গ্রেপ্তার করা হলেও কোনো বোমার সন্ধান মেলেনি।
এর আগে গত রোববারই একটি সন্দেহজনক স্যুটকেসের কারণে এক ঘণ্টার জন্য ব্রাসেলসের কেন্দ্রীয় রেলস্টেশন থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। পরে দেখা যায়, স্যুটকেসটিতে বোমা বা এ জাতীয় বিপজ্জনক কিছু নেই। গত শুক্রবার রাতে বিভিন্ন স্থানে চালানো হয় বড় ধরনের সন্ত্রাসবিরোধী তল্লাশি ও ধরপাকড়। এসব ঘটনা গত মার্চের সন্ত্রাসী হামলার পর থেকে বেলজিয়ামে বিদ্যমান উচ্চমাত্রার সতর্কতাকেই তুলে ধরেছে।
স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো জানায়, গতকাল মঙ্গলবার সকালে এক ব্যক্তি পুলিশকে ফোন করে বলেন, তাঁর দেহে বিস্ফোরক বাঁধা রয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। কিন্তু লোকটির কাছে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
হুমকিদাতা ব্যক্তি পুলিশকে ফোন করার পর সিটি-২ নামের বিপণিবিতানটির চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যায়।
স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়, বোমা হামলার হুমকি নিয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেন, ‘এ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।’
বেলজিয়ামে সন্ত্রাসী হামলার আশঙ্কায় বর্তমানে তিন মাত্রার সতর্কতা জারি রয়েছে। সর্বোচ্চ মাত্রা থেকে এটি এক মাত্রা কম। পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে দেশটির বিপণিবিতানগুলোতে হামলার হুমকি বেড়ে যাওয়া নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর গত সপ্তাহে বিপণিবিতান ‘সিটি ২’-এর নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
গত মার্চে ব্রাসেলস বিমানবন্দর ও নগরীর একটি পাতাল রেলস্টেশনে বোমা হামলায় ৩২ জন নিহত হন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার করেছিল।
এএফপি জানায়, প্যারিস ও ব্রাসেলস হামলার সন্দেহভাজন মোহাম্মদ আব্রিনির (৩১) ভাই ইব্রাহিম আব্রিনিকে সোমবার বেলজিয়ামে আটক করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয় সূত্র জানায়, প্যারিস হামলার ঘটনা তদন্তের একপর্যায়ে গত মার্চে কর্তৃপক্ষের সন্দেহ হয় ইব্রাহিমও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত। তিনি ভাইয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছেন, তার চেয়েও বেশি কিছু জানেন বলে তদন্তকারীরা মনে করছেন।