বেলজিয়ামে ৩ জনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ১২ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যা পরিকল্পনার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বাকি নয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দেশটির সরকারি কৌঁসুলিরা গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন সমীর, মুস্তাফা ও জওয়াদ।
বেলজিয়ামের সরকারি কৌঁসুলিরা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে। বাকি নয়জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
বেলজিয়ামে বড় ধরনের এক অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এই অভিযানে সারা দেশের ৪০টিরও বেশি বাড়িতে তল্লাশি চলে। ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রো স্টেশনে গত মার্চ মাসে বোমা হামলায় ৩২ জন নিহত হওয়ার পর থেকে বেলজিয়ামে উচ্চমাত্রার সতর্কতা জারি রয়েছে।
চলমান ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টে বেলজিয়ামের কোনো একটি ম্যাচের সময় হামলা চালানো হতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
রাজধানী ব্রাসেলসের আশপাশে ১৬টি পৌর এলাকায় তল্লাশি চালানো হয়েছে। পুলিশ তালাবদ্ধ দেড় শটির বেশি গ্যারেজে তল্লাশি চালিয়েছে। তবে কোনো অস্ত্র বা বিস্ফোরক খুঁজে পায়নি।
বেলজিয়ামের তদন্তকারীরা ব্রাসেলসে মার্চে বোমা হামলাকারীদের কারও কারও সঙ্গে গত বছরের ১৩ নভেম্বরে প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলার সংযোগ খুঁজে পেয়েছেন। প্যারিসের কয়েকটি স্থানে চালানো উপর্যুপরি হামলায় ১৩০ জন নিহত হয়। প্যারিসে হামলাকারীদের বেশ কয়েকজন বেলজিয়াম থেকে সেখানে গিয়েছিলেন।