বোমা পেতে রাখা ছিল রুশ বিমানটিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সিনাই উপত্যকায় গত শনিবার বিধ্বস্ত যাত্রীবাহী রুশ বিমানটিতে বোমা পেতে রাখা ছিল বলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বিমানটি বোমায় বিধ্বস্ত হয়েছে বলে মনে করেন। খবর বিবিসি ও এএফপির।
গতকাল শুক্রবার দ্য টাইমস-এ প্রকাশিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার রহস্য উদ্ঘাটনে নিয়োজিত মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দাদের এক যৌথ দল স্যাটেলাইটের মাধ্যমে সিরিয়া ও মিসরের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের ইলেকট্রনিক কথোপকথন ধারণ করেছে। টাইমস-এর এই খবরের কোনো সূত্র অবশ্য উল্লেখ করা হয়নি।
কথোপকথনের বিষয়ের ভিত্তিতে বিশ্লেষকেরা মনে করছেন, উড্ডয়নের আগে বিমানে কোনো যাত্রী বা বিমানকর্মীর সহায়তায় বোমা পাতা হয়। এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের মুখপাত্র। তবে এ খবরের আগেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকার বলেছে, বিমানটি কোনো বোমার বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে।
বিবিসির খবরে বলা হয়, ব্রিটিশ তদন্তকারীদের সন্দেহ, বিমান ওড়ার আগে কেউ একজন বিমানের ব্যাগ রাখার স্থানে ঢুকে মালপত্রের ভেতর বা ওপরে কোনো বিস্ফোরক পেতে রাখে।
আইএসের সঙ্গে সংশ্লিষ্ট সিনাইভিত্তিক একটি জঙ্গিগোষ্ঠী যাত্রীবাহী বিমানটি ভূপাতিত করার দাবি করেছিল। তবে তাদের এ দাবি নাকচ করে দেয় মিসর ও রাশিয়া। সিরিয়ায় বিমান হামলার জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আইএস।
গত বৃহস্পতিবার সিবিএস বেতার স্টেশনকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রাশিয়ার বিধ্বস্ত বিমানে বোমা পেতে রাখার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। তবে মিসর ও রাশিয়া বিমানটি ভূপাতিত হওয়ার পেছনে বোমার বিস্ফোরণ বা আইএসের জড়িত থাকার খবর উড়িয়ে দিয়েছে।
বোমা বিস্ফোরণেই রাশিয়ার কোগালিমাভিয়া এয়ারলাইনসের এয়ারবাস এ-৩২১ বিধ্বস্ত হয়েছে—এ আশঙ্কার মধ্যে যুক্তরাজ্য লোহিত সাগর-তীরবর্তী মিসরের জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখে বিমানের আসা-যাওয়া গত বুধবার সন্ধ্যা থেকে সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাজ্য।
বিমান চলাচল স্থগিত করায় শারম আল-শেখে আটকে পড়া হাজার হাজার ব্রিটিশ পর্যটককে দেশে ফিরিয়ে আনতে গতকাল থেকে বিশেষ নিরাপত্তায় বিমান চলাচল শুরুর কথা ছিল যুক্তরাজ্যের।