বেড়া দিলে শরণার্থী সমস্যা যাবে না

জার্মানি গতকাল বুধবার জানিয়েছে, সীমান্তে বেড়া ও দেয়াল নির্মাণ করে ইউরোপের শরণার্থী-সংকটের সমাধান হবে না। অস্ট্রিয়া তার স্লোভেনিয়া সীমান্তে বেড়া নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা দেওয়ার পর জার্মানি এ প্রতিক্রিয়া ব্যক্ত করল। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সিবার্ট বলেন, ‘আমরা মনে করি না যে ইউরোপ বর্তমানে যে শরণার্থী-সংকটে পড়েছে, তার সমাধান বেড়া বা দেয়াল নির্মাণের মাধ্যমে হবে। আমরা ইউরোপ যদি এ ব্যাপারে একসঙ্গে কাজ করি... এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যদি কাজটাকে দেখি, তবেই এ সমস্যার সমাধান করতে পারব।’ গতকাল বুধবার অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী স্লোভেনিয়ার সীমান্তে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে বেড়া নির্মাণের ঘোষণা দেন। এরপর জার্মানি ওই প্রতিক্রিয়া ব্যক্ত করল। এএফপি