বৈঠক ঘিরে কিয়েভকে নিয়ে পুতিনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ, কিয়েভ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করার চেষ্টা করছিল, কিন্তু মস্কো তখনো আলোচনা চালিয়ে যেতে আগ্রহী ছিল।

আজ শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে ফোনে কথা বলার সময় পুতিন এই অভিযোগ করেন বলে রয়টার্স ও এএফপির খবরে বলা হয়।

এই দুই নেতার মধ্যকার আলোচনার লিখিত বিবৃতিতে ক্রেমলিন দাবি করে, লক্ষণীয় যে কিয়েভ অনেক অবাস্তব প্রস্তাব সামনে রেখে আলোচনা প্রক্রিয়া বিলম্বিত করতে সম্ভাব্য সব চেষ্টা করছে। যা–ই হোক, রাশিয়ার পক্ষ থেকে তাদের নীতিগত পন্থা অনুযায়ী সমাধানের পথ খুঁজতে প্রস্তুত।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওই দুই নেতার ফোনালাপকে ‘কঠিন’ বলে মন্তব্য করলেও বলেছেন এ ধরনের আলোচনার প্রয়োজন আছে।

পেসকভ বলেন, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে স্বাক্ষর হতে পারে, এমন একটি চুক্তির বিষয়ে কথা বলার মতো সময় এখনো আসেনি।

পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমি শুধু বলতে পারি, রাশিয়ার প্রতিনিধিদল এখন যেভাবে কাজ করছে, তার চেয়ে আরও দ্রুতগতিতে কাজ করতে আগ্রহী। দুর্ভাগ্যবশত, ইউক্রেনীয় প্রতিনিধিদল আলোচনার গতি ত্বরান্বিত করতে প্রস্তুত নয়।’

শলৎজের সঙ্গে আলোচনায় পুতিন দাবি করেছেন, রাশিয়ার সেনারা নিরাপদ করিডরসহ বেসামরিক নাগরিকদের বাঁচাতে ‘তাদের যথাসাধ্য চেষ্টা করছে’।

ক্রেমলিনের দাবি, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব শহর মারিউপোল থেকে প্রায় ৪৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।