
স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে তাঁর কর জালিয়াতির অভিযোগের সম্মুখীন বোন ক্রিস্তিনা ডি বরবনের ডাচেস খেতাব কেড়ে নিয়েছেন। শুক্রবার রাজপ্রাসাদ থেকে এ কথা জানানো হয়। এর ফলে রাজার বোনের ওপর তাঁর সিংহাসনের উত্তরাধিকারের দাবি ছেড়ে দেওয়ার চাপ বাড়ল। কর জালিয়াতির অভিযোগে ক্রিস্তিনা ডি বরবনের বিচারের প্রস্তুতি চলছে। দেশটির কেলেঙ্কারিতে বিপর্যস্ত রাজতন্ত্রের ভাবমূর্তি পুনরুদ্ধার ৪৭ বছর বয়সী রাজা ফেলিপের এ সাহসী পদক্ষেপের অন্যতম কারণ। প্রায় এক বছর আগে বাবা হুয়ান কার্লোস সিংহাসন ছেড়ে দেওয়ার পর ক্ষমতায় বসেন ফেলিপে। ডি বরবনের বিচার এ বছরই শুরু হতে পারে। তা হলে তিনিই হবেন কাঠগড়ায় দাঁড়ানো স্পেনের রাজপরিবারের প্রথম সদস্য। স্পেনে সাম্প্রতিক সময়ে তদন্তে সমাজের বিভিন্ন স্তরে বড় ধরনের দুর্নীতি প্রকাশ পেয়েছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর দেশবাসীর আস্থাকে নাড়িয়ে দিয়েছে।
রয়টার্স