দুর্ঘটনা নয়, গত মাসে মিসরের সিনাইয়ে বিধ্বস্ত যাত্রীবাহী রুশ বিমানটি বোমা হামলার শিকার হয়েছিল। রাশিয়া গতকাল মঙ্গলবার এ কথা নিশ্চিত করেছে। ওই ‘সন্ত্রাসের’ জবাব দেওয়ার অঙ্গীকারও করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপির।
গত ৩১ অক্টোবর মিসরের সিনাই উপদ্বীপে রাশিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ২২৪ জন আরোহীর সবাই নিহত হন।
প্রেসিডেন্ট পুতিন ওই ঘটনায় একক কোনো জঙ্গি সংগঠনকে দায়ী না করলেও সিরিয়ায় রুশ বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। রাশিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ বিমানটিতে হামলায় জড়িত অপরাধীদের ব্যাপারে তথ্যের বিনিময়ে পাঁচ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, রাশিয়া এ রকম বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবিলা আগেও করেছে। তবে সিনাইয়ে রুশ নাগরিকদের হত্যার ঘটনাটি সবচেয়ে রক্তক্ষয়ী অপরাধগুলোর একটি। এই ক্ষত সব সময় রয়ে যাবে। কিন্তু অপরাধীদের খুঁজে বের করে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তারা বিশ্বের যেখানেই লুকিয়ে থাকুক না কেন।
রাশিয়ার নিরাপত্তাপ্রধান আলেক্সান্দর বোর্তনিকভ প্রেসিডেন্ট পুতিনকে বলেন, মিসরের শারম আল শেখ থেকে পর্যটকদের নিয়ে যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের পরপরই সিনাই উপদ্বীপের আকাশে বোমা বিস্ফোরণের শিকার হয়। ঘরে তৈরি করা হয়েছিল বোমাটি। দ্ব্যর্থহীনভাবে বলা যায়, এটি সন্ত্রাসী হামলা ছিল। তিনি জানান, দুর্ঘটনাস্থলে পাওয়া ধ্বংসাবশেষের মধ্যে বিস্ফোরকের চিহ্ন পাওয়া গেছে।
কট্টর সুন্নি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন আগেই ওই বিমান বিধ্বস্ত করার দায় স্বীকার করেছিল। রুশ বিমানটি বোমা হামলার শিকার হয়েছে—এমন সন্দেহের কথা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আগেই জানিয়েছিল।
মিসরে সন্দেহভাজন আটক: রুশ বিমানটি ভূপাতিত করার ঘটনায় জড়িত সন্দেহে মিসরের শারম আল শেখ বিমানবন্দরের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মিসরের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, মোট ১৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের দুজন ওই বিমানে বোমা স্থাপনের কাজে সহায়তা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।