বোমার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী গতকাল বুধবার একটি হাতে তৈরি বোমার ছবি প্রকাশ করেছে। এই বোমা দিয়েই মিসরে রুশ যাত্রীবাহী উড়োজাহাজটি তারা উড়িয়ে দিয়েছে বলে দাবি করা হয়েছে। আইএসের অনলাইন সাময়িকী দাবিক-এ ছবিটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, একটি সুইজারল্যান্ডভিত্তিক কোমলপানীয় ‘শুইপস’-এর একটি ক্যান, সম্ভাব্য একটি ডেটোনেটর ও একটি সুইচ পাশাপাশি রাখা আছে। ওই ডিভাইসের ব্যাপারে আর কোনো কিছুই জানায়নি সাময়িকীটি। ফলে সেটি কীভাবে বোমা হিসেবে ব্যবহার করা হয়েছে, তা স্পষ্ট নয়। রাশিয়ার উড়োজাহাজটি গত ৩১ অক্টোবর মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখ থেকে সেন্ট পিটার্সবুর্গ শহরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে এর ২২৪ আরোহীর সবাই প্রাণ হারায়, যাদের প্রায় সবাই রাশিয়ার নাগরিক। আইএসের মিসর শাখা এর দায় স্বীকার করে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে উড়োজাহাজটি সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত হয়েছে বলে জানায়। রাশিয়াও গত মঙ্গলবার নিশ্চিত করে, বোমার আঘাতেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিবিসি