বোমার আতঙ্কে তুর্কি বিমানের জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমার আতঙ্কে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ গতকাল মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে জরুরি অবতরণ করে। উড়োজাহাজের কার্গো অংশে বোমা আছে, টয়লেটের আয়নায় লিপস্টিক দিয়ে এমন কথা লেখা চোখে পড়ার পর ওই পদক্ষেপ নেওয়া হয়। এ নিয়ে এ বছর তৃতীয়বার বোমার আতঙ্কে পড়ল তুরস্কের উড়োজাহাজ সংস্থাটি। খবর এএফপির।
ভারতের কর্মকর্তারা জানান, টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ১৪৮ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছিল। এটি মধ্য ভারতের নাগপুর শহরের আকাশে থাকার সময় একজন ক্রু সদস্যের নজরে পড়ে ওই লেখাটি। পাইলট তখন ভারতের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে নয়াদিল্লির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান।
কর্মকর্তারা আরও জানান, নিরাপত্তাকর্মীরা উড়োজাহাজটির সব যাত্রীকে সরিয়ে নিয়ে প্রধান কেবিনের ভেতরে তল্লাশি চালান। তবে তাঁরা বিস্ফোরক জাতীয় কোনো কিছু খুঁজে পাননি। পরে তাঁরা উড়োজাহাজটির লাগেজ রাখার অংশে তল্লাশি চালান। পাশাপাশি ১৪৮ যাত্রীর সবাইকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গত এপ্রিলে টার্কিশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ইস্তাম্বুল থেকে সুইজারল্যান্ডের বাসেল শহরে যাওয়ার সময় বুলগেরিয়ার আকাশসীমায় ফিরে আসে। বোর্ডে বোমার বিষয়ে একটি লিখিত সতর্কবার্তা পাওয়ার পর ওই পদক্ষেপ নেওয়া হলেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়।