বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা অনুমোদন জার্মানির পার্লামেন্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোপুরি মুখঢাকা বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা দেওয়া প্রস্তাবিত একটি আইন অনুমোদন করেছে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ। বিলটি এখন অনুমোদনের জন্য উচ্চকক্ষে পাঠানো হবে। এ প্রস্তাবিত আইনের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিচারক ও সেনাসদস্যরা কর্মক্ষেত্রে পুরো মুখঢাকা বোরকা পরতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী টমাস দ্য মেজিয়েরে বলেছেন, জার্মানিতে অন্য সংস্কৃতি কতটুকু পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে, বোরকা নিয়ন্ত্রণের এই উদ্যোগ তা দেখিয়ে দিল।

তবে জার্মানির ডানপন্থী দলগুলো মুখঢাকা বোরকার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। তারা এ ক্ষেত্রে ফ্রান্সকে অনুসরণের কথা বলেছে। ২০১১ সাল থেকে ফ্রান্সে জনসমক্ষে বোরকা ব্যবহার নিষিদ্ধ।

গত  বছরের ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দেশের আইন মেনে পুরোপুরি মুখঢাকা বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যায় কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান।