ব্যর্থ অভ্যুত্থানের খেসারত ১০ হাজার কোটি ডলার
তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের খেসারত ১০ হাজার কোটি ডলার (বাংলাদেশি টাকায় আট লাখ কোটি টাকা)। তবে দেশটির মৌলিক ভিত্তি শক্তিশালী না হলে অভ্যুত্থানের জন্য আরও বেশি মূল্য দিতে হতো। আজ মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী বুলান্ত তুফেনসি এ কথা বলেন। খবর এএফপির
সাক্ষাৎকারে তুরস্কের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধবিমান, হেলিকপ্টার, অস্ত্র, বোমা, বাড়িঘর...সব মিলিয়ে ক্ষতি ১০ হাজার কোটি ডলার। হয়তো আমি একটু অবমূল্যায়ন করছি।’ তবে কিছুদিনের মধ্যে পুরো চিত্রটি আরও ভালোভাবে বোঝা যাবে বলে তিনি মনে করছেন। যেহেতু তাৎক্ষণিকভাবে বেশ কিছু বিনিয়োগকারী হারিয়েছে তুরস্ক, তাই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেই সতর্ক করলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, পার্লামেন্ট ভবনে বোমা, রাস্তায় সাঁজোয়াযান—বিনিয়োগকারীদের মধ্যে তুরস্ক নিয়ে ভীতি তৈরি করেছে। অভ্যুত্থানের প্রথম সপ্তাহেই অনেক বিদেশি আদেশ বাতিল হয়েছে।
সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে সরকারি খাতের সব বার্ষিক ছুটি বাতিল করে সরকার। যার ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতে। প্রায় ১০ লাখ রিজারভেশন বাতিল হয়েছে।
গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটে।