ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কিছু রুশ ইউনিট ইউক্রেন ছেড়েছে
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কিছু ইউনিট ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে নিজ দেশ এবং প্রতিবেশী বেলারুশে ফিরে যেতে বাধ্য হয়েছে। ব্রিটিশ সামরিক গোয়েন্দা কর্তৃপক্ষ এমন দাবি করেছে। এক দিন আগে কিয়েভ ও চেরনিহিভ শহরের আশপাশে সামরিক অভিযান কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। খবর বিবিসি ও রয়টার্সের।
এদিকে সংঘাত প্রশমনে গতকাল মঙ্গলবার ইস্তাম্বুল সংলাপে রাশিয়ার দেওয়া প্রস্তাবের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের এখন পঞ্চম সপ্তাহ চলছে।
ইউক্রেনের সেনাবাহিনী বিভিন্ন ফ্রন্টে রুশ এই আগ্রাসন থমকে দিয়েছে, যদিও দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ শহরগুলোতে বেসামরিক লোকজন আটকা পড়ে আছে। কয়েকজন বিশ্লেষক বলছেন, বেশির ভাগ সেসব এলাকায় অভিযান কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া, যেখানে তারা লড়াইয়ে সুবিধা করতে পারছে না।
পরিস্থিতি পর্যালোচনায় বুধবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কিছু সেনা প্রত্যাহারের বিষয়টি রাশিয়ার অভিযানকে প্রভাবিত করছিল। এ ধরনের কর্মকাণ্ড রাশিয়ার ইতিমধ্যে ধুঁকতে থাকা সামরিক সরঞ্জামের ওপর আরও চাপ বাড়াবে।
এতে বোঝা যায়, ইউক্রেনের মধ্যে সম্মুখ অঞ্চলগুলোতে নিজেদের ইউনিটগুলো পুনর্গঠনে জটিলতায় পড়েছে রাশিয়া। স্থল অভিযানে কমে যাওয়া সামর্থ্য রাশিয়া গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে পুষিয়ে নিতে পারে বলেও মনে করছে মন্ত্রণালয়।
হামলার এক মাস হয়ে গেলেও এখন পর্যন্ত বড় কোনো শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীও কিছু এলাকায় অগ্রসর হয়েছে। কিয়েভের উপকণ্ঠ, উত্তর–পূর্বাঞ্চল এবং দক্ষিণে কিছু এলাকা রুশ বাহিনীর কাছ থেকে পুনর্দখল করে নিয়েছে তারা।
সামরিক অভিযান কমানোর প্রস্তাবটি ইস্তাম্বুলে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় আস্থা তৈরির পদক্ষেপ বলে জানিয়েছেন রুশ উপ–প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন। তিনি বলেন, ‘পরবর্তী সংলাপ এবং একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হওয়া এবং চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত লক্ষ্য অর্জনে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কিয়েভ ও চেরনিহিভের আশপাশে ব্যাপকভাবে সামরিক কর্মকাণ্ড কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের জনগণ বোকা নন। এই ৩৪ দিনের আগ্রাসন আর দনবাসে গত আট বছরের যুদ্ধে ইতিমধ্যে ইউক্রেনীয়রা বুঝে গেছে, বাস্তব ফলাফলকেই একমাত্র তারা বিশ্বাস করতে পারে।’
গতকাল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, কিয়েভের আশপাশ থেকে খুবই স্বল্পসংখ্যক সেনা সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। যুদ্ধ থেকে পিছু হটা কিংবা প্রত্যাহার নয়, সেনাদের নতুন এলাকায় মোতায়েনের জন্যই এটা করা হচ্ছে।
এক ব্রিফিংয়ে পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, ‘ইউক্রেনের অন্য এলাকাগুলোতে বড় ধরনের হামলা দেখার জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত। এর মানে এই নয় যে কিয়েভের ওপর থেকে হুমকি দূর হয়েছে।’